মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাহরাইনে মাংসের বাজার ঠিক রাখতে আমদানি শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২২
বাহরাইন
বাহরাইনে মাংসের বাজার ঠিক রাখতে আমদানি শুরু
বাহরাইন পবিত্র রমজান মাসে মাংসের সরবরাহ নিশ্চিত করতে আমদানি শুরু করেছে। দেশটিতে রমজানের সময় মাংসের চাহিদার সাথে সাথে বেড়ে যায় দামও। মাংসের দাম স্থিতিশীল রাখতে রমজানের আগেই ২২ হাজার ৫০০ টিরও বেশি জীবন্ত পশু এবং প্রায় ১০ হাজার টন আমদানি করা মাংস দেশটিতে পৌঁছেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে মাংসের সরবরাহ নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়, সেই প্রস্তুতির অংশ হিসেবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ২০ হাজার ৩০০টি ভেড়া এবং ২ হাজার ২৫০টি গরু দেশটিতে আমদানি করা হয়েছে। পরবর্তী সময়ে আরো ৩০ হাজার ভেড়া, ১৫০০টি গরু ও ১০০টি উট আমদানি করার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, আমদানি করা মাংসের পরিমাণ প্রায় ৯ হাজার ৮৫০ টনের কাছাকাছি। দেশটির বাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, আমদানি ও সরবরাহ ঠিক থাকায় বাহরাইনের বাজারে মাংসের দামও স্থিতিশীল থাকবে।
সংযুক্ত আরব আমিরাত
আরব আমিরাতে ঈদের ছুটি হতে পারে ৪ দিন
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাগরিক ও বাসিন্দারা ৪ দিনের সরকারি ছুটি পেতে পারেন। এ বছর আমিরাতে রমজান শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি। যদি আমিরাতে ১৮ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে ১৯ মার্চ হবে ঈদের দিন। সে ক্ষেত্রে নাগরিক ও বাসিন্দারা ১৯ তারিখ থেকে ২২ মার্চ চার দিনের ছুটি পাবেন। আর যদি ১৮ মার্চ চাঁদ দেখা না যায়, তাহলে ঈদ হবে ২০ মার্চ শুক্রবার। সে ক্ষেত্রে ছুটি পাবেন তিন দিন। তবে আমিরাতের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, যদি রোজা ৩০ দিনে গড়ায়, তাহলে ৩০ রোজার দিনটি সরকারি ছুটি থাকবে। সাধারণত ঈদুল ফিতর উপলক্ষে আমিরাতে শাওয়াল মাসের প্রথম ৩ দিন সরকারি ছুটি থাকে। কিন্তু যদি শাওয়ালের চাঁদ আগে দেখা যায় এবং ঈদ তার আগে শুরু হয়, তখন অতিরিক্ত এক দিন যোগ করে মোট ৪ দিনের সরকারি ছুটি দেওয়া হয়, যাতে নাগরিক ও বাসিন্দারা একটি বড় ছুটি কাটাতে পারেন। তবে ছুটির এই তারিখগুলো সবই চাঁদ দেখার ওপর নির্ভরশীল হবে।
ওমান
ওমানে ঈদের ছুটি পাঁচ দিন হওয়ার সম্ভাবনা
ওমানে ২০২৬ সালে ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি ছুটি সংক্রান্ত প্রচলিত নিয়ম অনুযায়ী, রমজান মাসের ২৯তম দিন থেকে শুরু হয়ে শাওয়াল মাসের ৩য় দিন পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ চূড়ান্ত করা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ঈদ পড়তে পারে ২০ মার্চ, যা শুক্রবার। সে ক্ষেত্রে ওমানে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি কার্যকর হতে পারে। শুক্রবার ঈদের দিন হওয়ায় সরকারি নীতিমালা অনুযায়ী অতিরিক্ত এক দিন যোগ হয়ে মোট ছুটি দাঁড়াতে পারে পাঁচ দিন। এর ফলে কর্মজীবী, নাগরিক ও প্রবাসীরা লম্বা ছুটি পাবেন এবং অফিস আবার শুরু হতে পারে ২৪ মার্চ থেকে। ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তবে সম্ভাব্য এই পাঁচ দিনের ছুটি ওমানের নাগরিক ও প্রবাসীদের জন্য বড় আনন্দের খবর হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ এই বিরতিতে অনেকে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ কিংবা উৎসব আয়োজনের পরিকল্পনা করছেন।ওমানে দীর্ঘ সরকারি ছুটি দেশজুড়ে উৎসবের আমেজ আরো বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরব
সৌদিতে স্টাটিন ওষুধ সেবন নিয়ে সতর্কতা
সৌদি আরবে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এমন স্টাটিন ওষুধ নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে কিছু স্টাটিন ওষুধ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। ফলে কিছু রোগী তাদের ডাক্তারকে না জানিয়েই হৃদরোগের ওষুধ সেবন বন্ধ করে স্টাটিন নেওয়া শুরু করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে চিকিৎসক সামাজিক মাধ্যমে এই তথ্য ছড়িয়েছেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিজের ইচ্ছামতো ওষুধ নিলে সরাসরি স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। এর ফলে রোগীদের এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। স্টাটিন হলো এমন ধরনের ওষুধ, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্টের রোগ, স্ট্রোক ও তাদের জটিলতা কমাতে ব্যবহৃত হয়। এসব ওষুধ আন্তর্জাতিকভাবে ও স্থানীয়ভাবে অনুমোদিত এবং নিরাপদ বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের এই বলে সতর্ক করেছে, ওষুধ সেবনের বেলায় নিজের সিদ্ধান্তে নয় বরং ডাক্তারের পরামর্শেই নেওয়া উচিত।
logo-1-1740906910.png)