বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে পালিত হলো শহীদ দিবস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০২
যথাযথ মর্যাদায় বাহরাইনের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ভাষা শহীদদের জন্য এক মিনিটের নীরবতার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। যাতে যোগ দেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার তার বক্তব্যে ভাষা আন্দোলনে শহীদ সকল ভাষা সৈনিকের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বলেন, ভাষা আন্দোলনের মহিমা ও তাৎপর্য আজ শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের গণ্ডি পেরিয়ে তা আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে এবং সারা বিশ্বে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
নতুন প্রজন্মের মাঝে একুশের সুদূরপ্রসারী চেতনাকে ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়। নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি বাংলা ভাষা শেখার প্রতি উৎসাহিত করা হয়। এছাড়া প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য বৈধ চ্যানেলে রেমিট্যান্স ও দল-মত ভুলে সবার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
এদিকে, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ শেষে বাহরাইনে ফিরতে শুরু করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। দেশে নির্বাচন পর্যবেক্ষণে বাহরাইন থেকে গিয়েছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ৪০ জনের একটি দল। মানামা বিমানবন্দরে পৌঁছালে বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদসহ অন্যদের ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।
logo-1-1740906910.png)