Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় লাভ স্ক্যাম ফাঁদ, পুলিশের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০

মালয়েশিয়ায় লাভ স্ক্যাম ফাঁদ, পুলিশের সতর্কতা

মালয়েশিয়ায় বাড়ছে অনলাইন লাভ স্ক্যাম। গত জানুয়ারিতে লাভ স্ক্যাম বা অনলাইনের ভালোবাসার ফাঁদে ফেলে জালিয়াতির ১০০টি ঘটনা রেকর্ড করেছে দেশটির পুলিশ। এতে শুধু জানুয়ারিতেই মানুষের ক্ষতির পরিমাণ ৩.৫ মিলিয়ন রিঙ্গিত।

মালয়েশিয়ার পুলিশ বলছে, মানুষের ক্ষতির অঙ্ক গত বছরের তুলনায় কম হলেও এখনো তা উদ্বেগজনক মাত্রায় রয়েছে। 

লাভ স্ক্যাম সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যম বা ডেটিং অ্যাপের মাধ্যমে সংঘটিত হয়। প্রতারকরা প্রথমে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর শিক্ষা, চিকিৎসা, ব্যবসায়িক সহযোগিতা কিংবা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার অজুহাতে অর্থ দাবি করে। একবার টাকা পেলে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

কেবল স্থানীয় মালয়েশিয়ানরাই নন, প্রবাসীরাও এই লাভ স্ক্যামের ফাঁদে জড়িয়ে যায়। প্রবাসীরা অনেক সময় একাকি থাকেন। কৌতূহলবশত সামাজিক মাধ্যমে কোনো নারীর সাথে সম্পর্ক জড়িয়ে এমনি ক্ষতির সম্মুখীন হন। 

পুলিশের পরামর্শ অনুযায়ী, অচেনা বা শুধু অনলাইন পরিচয়ে কারো কাছে অর্থ পাঠানো থেকে বিরত থাকতে হবে। প্রেম বা বন্ধুত্বের নামে অর্থ দাবি করা হলে, তা অধিকাংশ ক্ষেত্রেই প্রতারণার ইঙ্গিত। এছাড়া ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শও দেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় আছেন সাড়ে ৯ লাখ প্রবাসী বাংলাদেশি। তাদেরও লাভ স্ক্যাম থেকে দূরে থাকা উচিত।

Logo