Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাতে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত অমর একুশে

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০

সংযুক্ত আরব আমিরাতে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত অমর একুশে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে দূতাবাস ও কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল রাশেদুজ্জামানের নেতৃত্বে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এ সময় অস্থায়ী ও স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ প্রবাসীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি চিফ অব মিশন শাহানাজ আক্তার রানু। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব রুবাইয়া আফরোজ।

দূতাবাসের হেড অব চ্যান্সারি তৌহিদ ইমামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য যেমন শোকের দিন, তেমনি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহীদদের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক ছাত্র-গণআন্দোলনে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি ভেদাভেদ ভুলে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, আবুল বশর, শাখাওয়াত হোসেন বকুল, আবুল কালাম আজাদ, সাইফুন নাহার জলি, আশিষ কুমার বড়ুয়া, আব্দুল আওয়াজ, আফজাল হোসেন ও জুয়েল রানাসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Logo