ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১
প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা দেওয়া শুরু করেছে। হাইকমিশনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সকাল থেকেই ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
গত বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। তার মৃত্যুর খবর প্রকাশের পর ঢাকায় দুটি পত্রিকা অফিস ও ছায়ানট ভবনে হামলা হয়। একই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ হয় এবং মিশনে ঢিল ছোড়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) কার্যক্রম স্থগিত করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলায় অবস্থিত মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ রাখে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে ফল ঘোষণার পর টেলিফোনে কথা বলে সহযোগিতার আশ্বাস দেন।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
এর মধ্যে বৃহস্পতিবার সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস সাংবাদিকদের জানান, ভারতীয় ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে। তার ঘোষণার পরদিনই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু করে।
logo-1-1740906910.png)