মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ ফেব্রুয়ারি ২০২৬
বাহরাইনে টায়ার পাংচারের দায়ে আটক এক ব্যক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮
বাহরাইন
বাহরাইনে টায়ার পাংচারের দায়ে আটক এক ব্যক্তি
বাহরাইনের পূর্ব হিদ এলাকায় এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে পার্ক করা গাড়ির টায়ার পাংচারের অভিযোগে আটক করা হয়েছে। গভীর রাতে ওই ব্যক্তি মানুষের গাড়ির চাকা পাংচার করে দিত। মুহারাক গভর্নরেট প্রসিকিউশনের ডেপুটি প্রধান জানিয়েছেন, পাবলিক প্রসিকিউশন মামলাটি তদন্তের জন্য ওই বাহরাইনি নাগরিককে পুলিশি হেফাজতে নিয়েছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি অভিযোগগুলো স্বীকার করেছেন এবং পুলিশ টায়ার পাংচারের জন্য তার ব্যবহৃত টুলটি জব্দ করেছে। কিন্তু ঠিক কী কারণে অভিযুক্ত ব্যক্তি গাড়ির চাকা পাংচার করত, তার কারণ জানা যায়নি। তদন্ত শেষে এই মামলাটি আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
কুয়েত
কুয়েতে ভিক্ষুক ধরতে সিসিটিভি অভিযান শুরু
কুয়েতে রমজান মাসে পাবলিক প্লেসে খাওয়া ও ভিক্ষাবৃত্তি রোধে সিসিটিভি নজরদারি বাড়িয়েছে দেশটির পুলিশ। এমন অপরাধীদের শনাক্ত করতে দেশটির পুলিশ একটি নিরাপত্তা টিমও গঠন করেছে। কুয়েতের পুলিশ জানিয়েছে, সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা টহলের মাধ্যমে বাজার, মসজিদ ও জনসমাগম স্থানে কড়া নজরদারি বহাল থাকবে এবং ভিক্ষুকদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা ভিক্ষা করছে বা রমজানে রোজা থাকা অবস্থায় প্রকাশ্যে খাচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পেনাল্টি চার্জ ধার্য করা হবে, সেই সাথে তাদের ভিসা পারমিট যাচাই করা হবে। যদি তারা নিয়ম লঙ্ঘন করে, তাহলে তাদের ডিপোর্ট করা হতে পারে এবং তাদের স্পন্সরদেরও আইনি জটিলতার সম্মুখীন করা হতে পারে। কুয়েতে রোজার সময় প্রকাশ্যে খাওয়া-দাওয়া করা দণ্ডনীয় অপরাধ, যার জন্য এক মাস পর্যন্ত জেল বা ১০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত
এআই দিয়ে বানানো চেহারা, সতর্ক করেছে আমিরাত পুলিশ
আমিরাতে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স দিয়ে বানানো ডিজিটাল চেহারা নিয়ে সতর্ক করেছে দেশটির নিরাপত্তা ও সাইবার বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, এআই দিয়ে বানানো ডিজিটাল মুখ বা চেহারা এখন ক্রমেই প্রতারণার নতুন হাতিয়ার হয়ে উঠছে এবং এটি দেখে বোঝার উপায় নেই যে, চেহারা বা মুখগুলো নকল। ইউএইতে এআই দিয়ে তৈরি নকল মানুষ বা “ডিপফেক” এখন নতুন ধরনের প্রতারণার মাধ্যম। বিশেষজ্ঞরা আরো বলছেন, প্রতারকরা এখন এমন ভিডিও বা ছবি বানাচ্ছে, যেগুলো দেখতে একদম আসল মানুষের মতো লাগে। তারা ভিডিও কল, চাকরির ইন্টারভিউ, এমনকি ব্যাংক বা আর্থিক লেনদেনের সময়ও এই এআই তৈরি চেহারা ও কণ্ঠ ব্যবহার করছে, ফলে মানুষ বুঝতেই পারে না যে এটি কোনো আসল ব্যক্তি নয়। অনেক প্রতিষ্ঠানের পরিচয় যাচাই ব্যবস্থা এখনো এসব নকল ভিডিও যাচাই করতে সক্ষম নয়। তাই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শুধু ভিডিও দেখে কাউকে বিশ্বাস না করে অতিরিক্ত যাচাই করা উচিত। যেমন আলাদা মাধ্যমে যোগাযোগ করা বা মাল্টি-স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করা। সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে নিজের ছবি বা মুখের তথ্য অনলাইনে শেয়ার করার ক্ষেত্রে। কারণ এগুলো ব্যবহার করে ভবিষ্যতে ভুয়া পরিচয় তৈরি করা হতে পারে।
সৌদি আরব
সৌদিতে কিং ফাহাদ কজওয়েতে কার্যকর হয়েছে নতুন ফি
কিং ফাহাদ কজওয়েতে গাড়ি পারাপারের জন্য নতুন নির্ধারিত ফি কার্যকর হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে এই ফি চালু হয়। নতুন নির্ধারিত নিয়মে গাড়ি ও মোটরসাইকেল পার হওয়ার ফি এখন ৩৫ সৌদি রিয়াল, মিনিবাস ৫৫ রিয়াল, বড় বাস ৭০ রিয়াল এবং ট্রাকের জন্য প্রতি টন ৭ রিয়াল নির্ধারিত হয়েছে। যদিও এই টোল বৃদ্ধি ছাত্র, প্রতিবন্ধী ব্যক্তি এবং যারা প্রতিদিন সেতু পারাপার করেন, তাদের জন্য প্রযোজ্য হবে না। বরং তাদের জন্য পুরোনো ফিই বহাল থাকবে। আগে ছোট গাড়ির জন্য ২৫ রিয়াল ছিল, যা ২০১৬ সালে সর্বশেষ বাড়ানো হয়েছিল। সেতু চালুর পর থেকে দ্বিতীয়বারের মতো এই ফি বৃদ্ধি করা হলো। সেই সঙ্গে কর্তৃপক্ষ Causeway App-এর মাধ্যমে যাত্রীদের জন্য নতুন প্যাকেজও চালু করেছে, যেখানে নিয়মিত যাত্রীরা ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট প্যাকেজ পাবেন। এতে যারা প্রতিদিন বা প্রায় প্রতিদিন সেতু পার হন, তারা বিশেষভাবে উপকৃত হবেন।
logo-1-1740906910.png)