মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ ফেব্রুয়ারি ২০২৬
বাহরাইনে প্রতারণার দায়ে আটজন গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৪
বাহরাইন
বাহরাইনে প্রতারণার দায়ে আটজন গ্রেফতার
বাহরাইনে একটি বাণিজ্যিক প্রতারণার মামলায় আটজনকে আটক করা হয়েছে। একটি কোম্পানির গুদামে মেয়াদ শেষ হয়ে যাওয়া খাবার জমা রাখা এবং পরে সেগুলোর মেয়াদ পরিবর্তন করে নতুন লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগে ঘটেছে এসব গ্রেফতারের ঘটনা। হামালা এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এই ঘটনা ধরা পড়ে। পরে বাহরাইনের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও নতুন লেবেল লাগানো খাদ্যপণ্য জব্দ করেন। ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গুদাম ও শোরুম বন্ধ করে দিয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। তদন্ত শেষে মামলাটি আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
কুয়েত
কুয়েতে বেড়ে গেছে বিভিন্ন মাংসের দাম
রমজান শুরুর আগে থেকেই কুয়েতে মাংসের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। গরু, ছাগল, দুম্মাসহ বিভিন্ন মাংসের দাম রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ার খবর দিয়েছে আরব টাইমস। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজান উপলক্ষে জবাই করা পশুর মাংসের চাহিদা বেড়ে গেছে, সেই সাথে আমেরিকা-ইরানের মাঝে চলমান দ্বন্দ্বে ইরান থেকে আমদানি বন্ধ হওয়ায় মাংসের সরবরাহ কমে গেছে। শুয়াইখ পশুর বাজারে নু’আইমি ভেড়ার দাম গত কয়েক দিনে ১২০ দিনার থেকে বেড়ে ১৫০ দিনার পর্যন্ত উঠেছে এবং রমজানের প্রথম দিনে এটি বেড়ে ১৭০ দিনার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, শাফালি ভেড়ার দাম ৯০ দিনার থেকে বেড়ে ১২০ দিনারে পৌঁছেছে। বাজারে মজুত পশুর পরিমাণ চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয় এবং সিরিয়া থেকে সম্প্রতি আসা একটি চালানও বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত হয়নি। মাংসের দাম বেড়ে যাওয়ায় অনেকে ঝুঁকছেন সস্তায় বিকল্প হিসেবে ফ্রোজেন মাংসের দিকে।বাহরাইনের বাজার বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, দাম রোজার প্রথম সপ্তাহ পর্যন্ত আরো বাড়তে পারে। যদিও না মাংসের সরবরাহ ঠিক স্বাভাবিক অবস্থানে ফেরত আসে।
সৌদি আরব
সৌদি ক্রাউন প্রিন্স শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তিনি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ও তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের জন্য অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বার্তায় সৌদি যুবরাজ তারেক রহমানের সফলতা ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, তারেক রহমান নিযুক্ত হওয়ায় তিনি আনন্দিত এবং আশা প্রকাশ করেন তার নেতৃত্বে বাংলাদেশ আরো উন্নতি করবে। এই বার্তা তার শপথগ্রহণের ঠিক পরের দিন পাঠানো হয়, যখন তারেক রহমান ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর নিয়ে একটি ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন।
logo-1-1740906910.png)