বাংলাদেশের নিউজ আপডেট ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২
১। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হচ্ছে। এদিকে রমজানকে সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
২। কর্মীদের বিদেশ যাওয়ার খরচ কমিয়ে আনা এবং তাদের সঙ্গে প্রতারণা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, প্রবাসী শ্রমিকদের জন্য যথাযথ সুবিধা নিশ্চিত করাও অগ্রাধিকার। নুর আরো বলেন, সিন্ডিকেট ও অসাধু ব্যক্তিদের কারণে অনেক শ্রমিককে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এটি বন্ধ করতেই হবে। বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
৩। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরবরাহ চেইন সচল রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেন সমস্যা না হয় এসবই নতুন সরকারের অগ্রাধিকার। এমনটিই জানিয়েছেন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরো জানিয়েছেন, এসব বিষয়ে অগ্রাধিকার দিয়ে ১৮০ দিনের কর্মসূচিও নির্ধারণ করা হয়েছে।
৪। জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে বুধবার হাইকোর্টে রিটটি দায়ের করেন। জুলাই জাতীয় সনদ সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদ-২০২৫-এর কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে রিটে।
৫। কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। জেলেদের দ্রুত ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে বিজিবি।
logo-1-1740906910.png)