Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বাহরাইন থেকে ১২৬জন প্রবাসীকে বহিষ্কার, আটক ২৭জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৫

বাহরাইন থেকে ১২৬জন প্রবাসীকে বহিষ্কার, আটক ২৭জন

বাহরাইন

বাহরাইনে অভিযান, ১২৬ জন বহিষ্কার

বাহরাইনে শ্রমবাজার নিয়ন্ত্রণ সংস্থার চলমান অভিযানে দেশটি থেকে ১২৬ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। আটক করা হয়েছে ২৭ জনকে। গত ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির লেবার মার্কেট অথরিটি ১ হাজার ৩১৬টি অভিযান পরিচালনা করে। বিভিন্ন গভর্নরেটের দোকান, শপিংমলে পরিচালিত এসব অভিযানে অভিযুক্তদের আটক ও বহিষ্কার করা হয়। এসব অভিযানের মাধ্যমে শ্রমবাজার নিয়ন্ত্রক আইন ও বসবাস সম্পর্কিত নিয়ম যথাযথ বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হচ্ছে বলে নিউজ অব বাহরাইন খবর দিয়েছে। এই অভিযানগুলোতে বিভিন্ন সরকারি সংস্থা যৌথভাবে অংশ নেয়। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, তারা শ্রমবাজারে স্থিতিশীলতা ও প্রতিযোগিতার পরিবেশ রক্ষায় এবং অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করে এমন অনৈতিক কাজ প্রতিরোধে এই ধরনের পরিদর্শন অভিযান চালিয়ে যাবে। এদিকে, পুলিশি অভিযানে ৫ কেজিরও বেশি মাদকদ্রব্য জব্দ এবং পৃথক দুটি ঘটনায় দুই এশিয়ানকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকের দাম ৬১ হাজার বাহরাইনি দিনার। এশিয়ার প্রবাসী বলা হলেও গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

কুয়েত

কুয়েতে শ্রমবাজারে আসছে পরিবর্তন

কুয়েতে শ্রমবাজারে বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসেফ সউদ আল-সাবাহ। তিনি জানিয়েছেন, শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধ করতে হবে মালিকদের, যাতে তারা ধর্মঘটের দিকে না যায়। দেশটির শ্রমবাজারে নিয়ম লঙ্ঘন এবং নাগরিকদের নামে কোম্পানি নিবন্ধন করে তা প্রবাসীদের কাছে লিজ দেওয়ার বিরুদ্ধেও কঠোর সতর্ক বার্তা দিয়েছেন তিনি। উদাহরণ দিয়ে তিনি বলেছেন, এক কুয়েতি নাগরিক বছরে ১২ হাজার কুয়েত দিনার আয় করে ৬টি কোম্পানি খুলে প্রবাসীদের মাধ্যমে ১০০ মিলিয়ন কুয়েতি দিনার মানি লন্ডারিং করেছেন। বলেছেন, দেশটিতে এমন নিয়ম-কানুন লঙ্ঘন করলে তাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। কুয়েতে কাজ করেন গরিব দেশগুলোর সাধারণ শ্রমিকরা, কুয়েতি মালিকদের যদি কোম্পানিতে টাকা না থাকে, তাহলে নিজের পকেট থেকে হলেও শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে নির্দেশ দেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, গত বছর অনিয়মের কারণে ৩ হাজার কোম্পানির লাইসেন্স বাতিল হয়েছে এবং ৩৯ হাজার প্রবাসী কর্মীকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে। কুয়েতে প্রবাসী শ্রমিকদের কাছে ভিসা বিক্রি-বাট্টা যাতে বন্ধ হয়, সে জন্যই ফ্রিল্যান্সিং ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরব

রমজানে মক্কায় চলছে দোকানপাটে অভিযান

রমজান উপলক্ষে সৌদি আরবের মিউনিসিপ্যালিটি ও হাউজিং মন্ত্রণালয় মক্কা শহরে ৩ হাজার ৪৭৪টি পরিদর্শন অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে দোকানপাট, খাবারের দোকান এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। যাতে স্বাস্থ্যবিধি ব্যবস্থা, পরিচ্ছন্নতার নিয়ম ও নিরাপত্তা নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যারা নিয়ম ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৩৭০টি কিচেনের স্বাস্থ্যমান যাচাই করে সার্টিফাই করা হয়েছে, যাতে পবিত্র মাসে নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত হয়। মন্ত্রণালয় জানিয়েছে, রমজান এবং ওমরাহ সিজনের সময় সবাইকে নিরাপদ খাবার এবং সেবা নিশ্চিত করার জন্য এই পরিদর্শন অভিযান ২৪ ঘণ্টা চালু থাকবে।

ওমান

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওমান সুলতানের শুভেচ্ছা

ওমানের সুলতান হাইতাম বিন তারিক বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেওয়ায় তাকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন তিনি। তারেক রহমানের নির্বাচনী বিজয় ও প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের জন্য শুভেচ্ছা জানাতে একটি টেলিগ্রাম বার্তাও পাঠিয়েছেন ওমানের সুলতান। হাইতাম বিন তারিক আশা জানিয়েছেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তার দায়িত্ব সফলভাবে পালন করে দেশকে আরো স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে নিতে পারবেন। দুই দশকেরও বেশি সময় ধরে চলমান ওমান-বাংলাদেশ সম্পর্ককে আরো বৃদ্ধি ও সমৃদ্ধ করার আশা প্রকাশ করেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক।

Logo