Logo
×

Follow Us

বাংলাদেশ

নতুন সরকারের যাত্রা শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩

নতুন সরকারের যাত্রা শুরু

বাংলাদেশে শুরু হচ্ছে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এটি বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। 

১৭ ফেব্রুয়ারি সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী একটি নির্বাচিত সরকার গঠিত হচ্ছে, যার নেতৃত্বে থাকছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।  

সাধারণত নতুন মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়। এবার ব্যতিক্রম ঘটিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে প্রতীকী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। আর মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে প্রধান বিরোধী দলে বসছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন। এর ফলে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হচ্ছেন তারেক রহমান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন সরকার বিশেষ গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনার মতো উদ্যোগ সরকারকে শুরুতেই নিতে হবে।

Logo