সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৩
সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা ওমরাহ পালন শেষে বাসায় ফিরছিলেন। ফেরার পথে জেদ্দা-টু-আভা সড়কে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচারা বেপারি বাড়ির মিজান, তার স্ত্রী ও তাদের তিন কন্যাসহ মোট ছয়জন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় প্রবাসীদের ধারণা, বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভাঙা অংশ সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
প্রবাসীদের ভাষ্য অনুযায়ী, গাড়িটি ‘জিলানী’ নামে এক বাংলাদেশির ছিল। সৌদি পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
logo-1-1740906910.png)
