Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সৌদিতে অভিযান জোরদার, এক সপ্তাহে আটক ২১ হাজার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২

সৌদিতে অভিযান জোরদার, এক সপ্তাহে আটক ২১ হাজার

বাহরাইন

রমজানে বাহরাইনের বাজারে সরবরাহ নিশ্চিতে জোর প্রস্তুতি

রমজান সামনে রেখে বাহরাইনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে এবং সরবরাহ যাতে না কমে তার প্রস্তুতি শুরু করেছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, দেশটির সুপারমার্কেট, হাইপারমার্কেট ও স্থানীয় বাজারগুলোতে প্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে। চাল, আটা, চিনি, ভোজ্যতেল, মাংস, মুরগি, মাছ, ডিম, দুগ্ধজাত পণ্য, ফল ও সবজির সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম আমদানি ও মজুত কার্যক্রম জোরদার করা হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ চেইন সচল রাখতে সরাসরি আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। অনেক দোকানে রমজান উপলক্ষে বিশেষ ছাড় ও প্রমোশনাল অফার চালু হয়েছে, যাতে ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। আন্তর্জাতিক বাজারে পরিবহন ব্যয় বাড়ায় কিছু আমদানিকৃত পণ্যের দাম সামান্য বেড়েছে। তবে সামগ্রিকভাবে বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদেরও দাবি, বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই। সংশ্লিষ্টরা আশা করছেন, পুরো রমজানজুড়ে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং দাম নিয়ন্ত্রণে থাকবে। ফলে ভোক্তারা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে রমজানের প্রস্তুতি নিতে পারবেন।


কুয়েত

কুয়েতে রজমান মাসে প্রকাশ্যে খেলে জরিমানা

কুয়েতে রমজানকে সামনে রেখে প্রকাশ্যে খাওয়া ও ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর কর্মসূচি হাতে নিয়েছে সরকার। রোজার সময় ভিক্ষাবৃত্তি ও জনসাধারণের সামনে খাবার খাওয়া, পানি পান করাসহ কিছু কার্যকলাপে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে অবস্থানরত সব ধর্মের বাসিন্দাকেই এই নিয়ম মেনে চলতে হবে। বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ এক মাস জেল এবং ১০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি উচ্চ মাত্রায় আইন ভঙ্গ হলে ডিপোর্টেশনের শাস্তিও দেওয়া হতে পারে। এছাড়া রমজান শুরুর আগে থেকেই কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা বিভাগ যৌথভাবে দেশের সার্বিক নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক অভিযান শুরু করেছে। বাজার, মসজিদ, পাবলিক জায়গা ও ব্যস্ত সড়কগুলোতে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণ ও অভিযান পরিচালিত হচ্ছে এবং যারা ভিক্ষাবৃত্তি করছেন, তাদের প্রকৃত অবস্থান যাচাই করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি যারা অবৈধভাবে দেশেই রয়েছেন বা অন্যকে সহায়তা করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে; সরকার সাধারণ নাগরিক ও আবাসিকদের কাছে এই সময়কালে সামাজিক নিয়ম মেনে চলার এবং আইনগত সতর্কতাগুলো শ্রদ্ধাশীলভাবে মানার অনুরোধ করেছে, যেন রমজানের পবিত্র ও সামাজিক পরিবেশ ধরে রাখা যায়।


সৌদি আরব

সৌদিতে অভিযান জোরদার, এক সপ্তাহে আটক ২১ হাজার

সৌদি আরবে বিভিন্ন অপরাধে ২১ হাজার ২৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি গেজেট জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘন করেছেন। গত ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ হাজার ৮৭৫ জনকে আবাসন আইন লঙ্ঘনের জন্য, ৪ হাজার ৭৭৮ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের জন্য ও ৩ হাজার ৩৭৬ জনকে শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে আটক করা হয়েছে। সাথে ২ হাজার ৩০৭ জনকে অবৈধভাবে সীমান্ত পার হতে চেষ্টা করার সময় আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রায় ১৩ হাজার ২১৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং প্রায় ১৬ হাজার ১২১ জনকে তাদের দেশের দূতাবাস বা কনস্যুলেটের কাছে যোগাযোগ করতে বলা হয়েছে, যাতে ভ্রমণের  সঠিক কাগজপত্র তৈরি করা যায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানের মাধ্যমে সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা, বসবাস ও কর্মসংস্থান নিয়মগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।


ওমান

ওমানে অভিযান, এশিয়ান নাগরিক আটক

ওমানের বিভিন্ন গভর্নরেটে ধারাবাহিক নিরাপত্তা অভিযানে বিভিন্ন অপরাধে বেশ কয়েকজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। রাজধানী অঞ্চলের ওয়ালিয়াত অব সীবে মাদক দমন ও প্রতিরোধ বিভাগ দুই এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। তাদের কাছে গাঁজাসহ অন্যান্য মাদক পাওয়া যায়। তবে তারা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কিছু জানা যায়নি। একইভাবে আল মুসান্নাহ এলাকায় আরো এক এশীয়কে বিভিন্ন ধরনের বিপুল মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মাদকগুলো পাচার ও সেবনের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।অন্যদিকে, মুসাদাম গভর্নরেটে দেশের বিভিন্ন সীমান্তপথ দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে ১৩ এশীয় নাগরিককে আটক করা হয়েছে এবং সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধ দমন, সম্পদ সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সুলতানাতজুড়ে নিরাপত্তা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। এছাড়া, নর্থ আল বাতিনাহ গভর্নরেটের সুয়াইক ও সোহারের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক গবাদিপশু চুরির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

Logo