মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভিজিট ভিসায় ওভারস্টে করা প্রবাসীদের কঠোর বার্তা সৌদির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১১
সৌদি আরব
ভিজিট ভিসায় গিয়ে ওভারস্টে করা প্রবাসীদের কঠোর বার্তা দিল সৌদি সরকার
সৌদি আরবে ভিজিট ভিসায় এসে ওভারস্টে করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে সরকার। দেশটির পাবলিক সিকিউরিটি জানিয়েছে, কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কর্তৃপক্ষকে না জানিয়ে অবস্থান করলে তার বা তার স্পন্সরের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং ডিপোর্টেশনের মতো শাস্তি হতে পারে। কর্তৃপক্ষ আরো বলেছে, ভিসার শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। যারা অবৈধভাবে অবস্থানকারীদের আশ্রয়, সহায়তা বা চাকরি দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ওমান
ওমানে পোশাকবিধি না মানায় এশীয় নারী গ্রেপ্তার
ওমানের রাজধানী মাসকাটে জনসমক্ষে অশালীন পোশাক পরার অভিযোগে একদল এশীয় নারীকে আটক করেছে পুলিশ। টাইমস অব ওমানের খবরে বলা হয়, তারা প্রকাশ্যে অনুচিত পোশাক পরে নীতিবিরুদ্ধ আচরণ করছিলেন। পুলিশ জানিয়েছে, এ ধরনের আচরণ দেশটির সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির পরিপন্থি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। তবে তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। ওমানের আইনে অশালীন পোশাক ও অসভ্য আচরণ শাস্তিযোগ্য অপরাধ। দেশটির পুলিশ স্থানীয় সামাজিক ও নৈতিক বিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।
বাহরাইন
বাহরাইনে ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে রমজান
বাহরাইনে ২০২৬ সালের পবিত্র রমজান মাস পুরোপুরি শীতকালে পড়ছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ রেদা আল আসফুর জানিয়েছেন, ২৯ বছরের মধ্যে এবারই প্রথম রমজান পুরো শীত মৌসুমে হবে। নিউজ অব বাহরাইন জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতকাল হওয়ায় রোজাদাররা তুলনামূলক ঠান্ডা আবহাওয়ায় রোজা রাখতে পারবেন। পাশাপাশি দিনের সময় কম থাকায় রোজা রাখা তুলনামূলক সহজ হবে। জ্যোতির্বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, ১৯৯৭ সালের পর এমন শীতকালীন রমজান এবারই প্রথম। এ উপলক্ষে নাগরিক, বাসিন্দা ও ব্যবসায়ীরা ইতোমধ্যে বাজার, ইফতার-সেহরির প্রস্তুতি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আয়োজন শুরু করেছেন।
কুয়েত
কুয়েতে নকল পণ্যের বিরুদ্ধে দোকানে দোকানে অভিযান
কুয়েতে রমজান সামনে রেখে নকল পণ্যের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে ফ্রাইডে মার্কেট থেকে প্রায় ৮০০ নকল পণ্য জব্দ করা হয়েছে, যেগুলো বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছিল। কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পুলিশের সহায়তায় বাজারে ভোক্তা সুরক্ষায় অভিযান চালাচ্ছে। কমার্শিয়াল কন্ট্রোল বিভাগের পরিচালক ফয়সাল আল-আনসারি জানিয়েছেন, মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে এবং সরকারি ছুটির দিনেও অভিযান চলবে। নকল পণ্য রাখার অভিযোগে একটি স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তার অধিকার ও সুষ্ঠু বাণিজ্য পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে এয়ার ট্যাক্সি সেবা সম্প্রসারণের উদ্যোগ
দুবাইয়ে কঠোর মানদণ্ড বজায় রেখে এয়ার ট্যাক্সি সেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে চালুর আগে যাত্রী নিরাপত্তা, সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA) জানিয়েছে, প্রথম ধাপে দৈনিক ফ্লাইট সংখ্যা, সময়সূচি ও যাত্রী ধারণক্ষমতা সীমিত রাখা হবে, যাতে সেবার কার্যকারিতা যাচাই করা যায়। পরবর্তী ধাপে ফলাফল মূল্যায়ন করে ধীরে ধীরে সেবা বাড়ানো হবে। ২০২৬ সালের শেষ দিকে বাণিজ্যিকভাবে সেবা চালুর পরিকল্পনা রয়েছে। প্রথমে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই মেরিনা, ডাউনটাউন দুবাই ও পাম জুমেইরাহ; এই চারটি গুরুত্বপূর্ণ এলাকাকে যুক্ত করা হবে। এয়ার ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হবে Joby-এর বৈদ্যুতিক উড়োজাহাজ, যা কম শব্দের জন্য পরিচিত। ভবিষ্যতে এটি মেট্রো, ট্যাক্সি ও অন্যান্য পরিবহনের সঙ্গে সমন্বয় করে সহজ ‘ডোর-টু-ডোর’ যাত্রা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)