Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দুবাইয়ে ডেলিভারি বাইক রেজিস্ট্রেশনে নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬

দুবাইয়ে ডেলিভারি বাইক রেজিস্ট্রেশনে নতুন নিয়ম

বাহরাইন

বাহরাইনে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্কবার্তা

বাহরাইনে বাসা বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তারের ভুল ব্যবহার নিয়ে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছে পুলিশ ও সিভিল ডিফেন্স। কর্মকর্তারা বলছেন, অনেক সময় মানুষ ছোট সমস্যাকে গুরুত্ব না দেওয়ার কারণে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেমন প্লাগ অস্বাভাবিক গরম হয়ে যাওয়া, সুইচ অন করলে শব্দ হওয়া, স্পার্ক দেখা যাওয়া বা পোড়া গন্ধ পাওয়া; এগুলো সাধারণ বিষয় নয়, বরং বিপদের ইঙ্গিত। এসব লক্ষণ দেখা দিলে নিজে ঠিক করার চেষ্টা না করে দ্রুত দক্ষ ও লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করানো উচিত।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, বাড়ির পুরোনো বা ক্ষতিগ্রস্ত তার, অতিরিক্ত মাল্টিপ্লাগ ব্যবহার, নকল চার্জার দিয়ে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস চার্জ করা এবং চার্জিং অবস্থায় ফোন বালিশ বা কাপড়ের নিচে রাখা; এসব অভ্যাস আগুন লাগার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। বিশেষ করে ওয়াটার হিটার বা বেশি বিদ্যুৎ ব্যবহারকারী যন্ত্রের তার নিয়মিত পরীক্ষা করা জরুরি। পুলিশের মতে, বৈদ্যুতিক সুবিধা জনসাধারণের জীবন সহজ করার জন্য, কিন্তু অসাবধানতা ও ভুল ব্যবহারের কারণে সেটিই বড় বিপদের কারণ হতে পারে। তাই ছোট সমস্যাকে অবহেলা করা উচিত নয়।  


সংযুক্ত আরব আমিরাত   

দুবাইয়ে ডেলিভারি বাইক রেজিস্ট্রেশনে নতুন নিয়ম

দুবাইয়ে ডেলিভারি মোটরসাইকেলের নিরাপত্তা জোরদার ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে নতুন নিয়ম চালু করেছে সরকার। দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি জানিয়েছে, অ্যাপভিত্তিক ডেলিভারি সেক্টর দ্রুত বাড়ায় রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। নতুন নিয়ম অনুযায়ী, ডেলিভারি কাজে ব্যবহৃত মোটরসাইকেল নির্দিষ্ট টেকনিক্যাল ইন্সপেকশন সম্পন্ন করলে অতিরিক্ত এক বছর পর্যন্ত নিবন্ধন নবায়নের সুযোগ পাবে। এমনকি পাঁচ বছর পার করা বাইকও পরীক্ষায় উত্তীর্ণ হলে বাড়তি সময়ের জন্য রেজিস্ট্রেশন পাবে, যা আরটিএর ওয়েবসাইট বা অনুমোদিত ইন্সপেকশন সেন্টারের মাধ্যমে সহজেই এ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। কর্তৃপক্ষ বলছে, এতে রাস্তায় দুর্ঘটনা কমবে, বাইকের মান নিশ্চিত হবে এবং রাইডারদের কাজ আরো নিরাপদ হবে। পাশাপাশি ধাপে ধাপে চালু হচ্ছে রাইডারদের জন্য নির্দিষ্ট বিশ্রামস্থল, আলাদা লেন, সফটওয়্যারভিত্তিক সার্ভিস পয়েন্ট এবং ডেলিভারি বাইকের জন্য আলাদা হলুদ নম্বর প্লেট। দুবাইয়ে কর্মরত বহু বাংলাদেশি প্রবাসী ডেলিভারি সেক্টরে কাজ করেন। নতুন নিয়ম মানলে তারা নিরাপদে কাজ করতে পারবেন এবং জরিমানা বা আইনি জটিলতা এড়াতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

কুয়েত

কুয়েতে মাদকের বড় চালান জব্দ

কুয়েতে বড় এক মাদকের চালান আটকে দিয়েছে দেশটির পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদকের বড়ি। আটক করা হয়েছে তিন মাদক চোরাকারবারিকে। এই অভিযানে কুয়েতের পুলিশকে সহায়তা করেছে আরব আমিরাতের পুলিশও। প্রথমে সংযুক্ত আরব আমিরাতে সন্দেহজনক কন্টেইনার শনাক্ত করা হয়। পরে দুই দেশের নিরাপত্তা বাহিনী যৌথভাবে কাজ করে পুরো চালানটি কঠোর নজরদারিতে রাখে। শেষ পর্যন্ত কুয়েতে যখন মাদকগুলো গ্রহণ করার প্রস্তুতি চলছিল, তখন অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১ কোটি ৪০ লাখেরও বেশি মাদকের বড়ি জব্দ করা হয়, যার ওজন প্রায় আড়াই টনের মতো। এত বড় পরিমাণ মাদক একসঙ্গে ধরা পড়া সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তদন্তে জানা যায়, এই মাদকগুলো কন্টেইনারের ভেতরে পণ্যসামগ্রীর আড়ালে লুকিয়ে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। 


সৌদি আরব

সৌদিতে মাদকের বিপুল বড়ি জব্দ

সৌদি আরবের আল বাথা সীমান্তে অভিযান চালিয়ে বড় একটি মাদকের চালান জব্দ করেছে জাকাত, ট্যাক্স ও কাস্টমস অথরিটি। একটি ট্রাক তল্লাশি করে ২ লাখ ১৮ হাজার ২৮০টি মাদকের বড়ি উদ্ধার করা হয়। ট্রাকটির চালক প্রথমে দাবি করেছিলেন, ট্রাকে রং রয়েছে। তবে কাস্টমস কর্মকর্তাদের পরীক্ষায় ধরা পড়ে, এগুলো অনুমতিহীন ওষুধ বা ট্যাবলেট, যা বৈধ কাগজপত্র ছাড়া দেশে আনা যায় না। পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে এসব মাদকের বড়ির সন্ধান পাওয়া যায়। সৌদির কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত, বিমানবন্দর ও বন্দরে নজরদারি আরো জোরদার করা হয়েছে। প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, অবৈধ পণ্য বহন বা পরিবহনে জড়ালে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ফলে মাদক নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার কথা বলেছেন প্রবাসী বাংলাদেশিরা।

Logo