Logo
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচনে বাংলাদেশ: গণতন্ত্রের গভীর সংকট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৬

নির্বাচনে বাংলাদেশ: গণতন্ত্রের গভীর সংকট

২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছিল। দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটিয়ে মানুষ ভেবেছিল, এবার আসবে বৈষম্যহীন ও জবাবদিহিমূলক গণতন্ত্র। কিন্তু নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, সেই আশার আলো এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস এ নিয়ে প্রকাশ করেছে বিশেষ প্রতিবেদন।  

গণতন্ত্র টিকে থাকে শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর। অথচ বাংলাদেশে আদালত, পুলিশ ও প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। শেখ হাসিনার পতনের পর অনেক কর্মকর্তা পদত্যাগ করায় প্রতিষ্ঠানগুলো আরো ভঙ্গুর হয়েছে। ফলে অন্তর্বর্তী সরকার কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।  

মোট ভোটারের ৪৩ শতাংশ তরুণ। তারা পুরোনো দলীয় দ্বন্দ্বের চেয়ে চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরপেক্ষ শাসনের মতো বাস্তব বিষয়গুলোতে বেশি আগ্রহী। কিন্তু রাজনৈতিক সহিংসতা, ভোট কেনার অভিযোগ এবং নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম তাদের আস্থাকে ক্ষুণ্ন করছে।  

বিএনপি নেতৃত্বে এগিয়ে থাকলেও প্রতিযোগিতামূলক নির্বাচন বহু বছর হয়নি। ইসলামপন্থি শক্তিগুলোও নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। জামায়াতে ইসলামী তুলনামূলক মধ্যপন্থি অবস্থান নিয়ে সমর্থন বাড়াচ্ছে, অন্যদিকে চরমপন্থি গোষ্ঠীগুলো ধর্মনিরপেক্ষতার ভিত্তি প্রশ্নবিদ্ধ করছে।  

এই নির্বাচনে একটি গণভোটও হচ্ছে, যেখানে সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা ও নির্বাহী ক্ষমতার সীমাবদ্ধতা নিশ্চিত করার প্রস্তাব রয়েছে। তবে বিএনপি ও অন্যান্য দল কিছু ধারার বিরোধিতা করছে। ফলে বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে।  

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে আরো জটিল করেছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় অন্তর্বর্তী নেতৃত্ব ক্ষুব্ধ। ভারতের অভিযোগ, বাংলাদেশ সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এর প্রভাব পড়ছে ভিসা ও বাণিজ্যে।  

বাংলাদেশের অভ্যুত্থান দেখিয়েছে, স্বৈরশাসককে উৎখাত করা সম্ভব হলেও তারা যে ক্ষতি করে যায়, তা মেরামত করাই গণতন্ত্রের জন্য দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ। শক্তিশালী ও নিরপেক্ষ প্রতিষ্ঠান ছাড়া গণতান্ত্রিক উত্তরণ ভঙ্গুর হয়ে থাকে। বাংলাদেশের বর্তমান সংকট তাই শুধু দেশীয় নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্যও একটি সতর্কবার্তা।

Logo