Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ১৬ লাখ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫১

আমিরাতে ১৬ লাখ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার

পবিত্র রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক দাতব্য সংস্থা বেইত আল খায়ের সোসাইটি ৭০ মিলিয়ন দিরহাম বাজেটের একটি মানবিক কর্মসূচি চালু করেছে। এর আওতায় দেশজুড়ে প্রায় ১৬ লাখ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে।  

রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সংস্থাটি আটটি পৃথক কর্মসূচি চালু করেছে। এর মূল লক্ষ্য হলো স্বল্প আয়ের পরিবার, জরুরি মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন মানুষ এবং সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬ সালকে আমিরাত ‘পরিবারের বছর’ হিসেবে ঘোষণা করেছে।  

সবচেয়ে বড় বাজেট ২৬.৫ মিলিয়ন দিরহাম বরাদ্দ রাখা হয়েছে জরুরি মানবিক সহায়তার জন্য। এর আওতায় বকেয়া ভাড়া পরিশোধ, বিদ্যুৎ ও পানির বিল মেটানো, চিকিৎসা ব্যয় ও ওষুধের ব্যবস্থা এবং আয় বন্ধ হয়ে যাওয়া পরিবারগুলোর সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।  

বিনামূল্যে ইফতার বিতরণের জন্য ‘ইফতার সায়েম’ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ১৮ মিলিয়ন দিরহাম। এর মাধ্যমে পুরো রমজান মাসে প্রায় ১৬ লাখ ইফতার বিতরণ করা হবে। আমিরাতজুড়ে ৯৭টি স্থায়ী বিতরণ কেন্দ্র ও ১৮টি রমজান তাঁবুতে এসব ইফতার সরবরাহ করা হবে। শ্রমিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপস্থিতি বিবেচনায় এসব কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।  

রমজান খাদ্যসামগ্রী বিতরণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭ মিলিয়ন দিরহাম। স্বল্প আয়ের আমিরাতি পরিবারগুলোর জন্য মাসিক নগদ ও পণ্য সহায়তায় রাখা হয়েছে ৭.৬ মিলিয়ন দিরহাম। ঋণগ্রস্তদের সহায়তায় ‘ঘারিমিন’ কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ মিলিয়ন দিরহাম। এছাড়া জাকাতুল ফিতরের জন্য ২.৫ মিলিয়ন এবং ঈদিয়া বিতরণে ১.২ মিলিয়ন দিরহাম বরাদ্দ রাখা হয়েছে।  

বেইত আল খায়ের সোসাইটির এই উদ্যোগ শুধু তাৎক্ষণিক প্রয়োজন পূরণ নয়, বরং মানুষের মর্যাদা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রমজানের পবিত্র সময়ে ১৬ লাখ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ আমিরাতের মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে।

Logo