যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী শাবানা!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭
এপস্টিন ফাইল কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী পিটার ম্যান্ডেলসনের নাম জড়িয়ে পড়ায় লেবার পার্টির সরকার টালমাটাল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় উঠে এসেছে বর্তমান স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদের নাম। রাজনৈতিক মহলের মতে, স্টারমারের বিদায় সময়ের ব্যাপার মাত্র।
পাকিস্তানি অভিবাসী দম্পতির সন্তান শাবানার জন্ম বার্মিংহামে। বয়স ৪৫। তিনি ২০১০ সালে বার্মিংহাম লেডিউড থেকে প্রথম মহিলা এমপি হিসেবে নির্বাচিত হন। লেবার পার্টির সদস্য হলেও অভিবাসন নীতিতে তিনি তুলনামূলকভাবে কঠোর অবস্থান নিয়েছেন। স্বরাষ্ট্র সচিব থাকাকালীন সময়ে অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরো কঠোর করার পক্ষে বক্তব্য দিয়েছেন।
স্টারমারের জনপ্রিয়তা এপস্টিন কেলেঙ্কারির পর থেকে দ্রুত কমছে। ম্যান্ডেলসনের নাম প্রকাশ্যে আসার পর তিনি পদত্যাগ করেন এবং প্রধানমন্ত্রীও ক্ষমা চান। কিন্তু তাতে বিতর্ক থামেনি। অর্থনৈতিক সংকট, মূল্য বৃদ্ধি ও বেকারত্বে জর্জরিত জনগণ সরকারের প্রতি ক্ষুব্ধ। এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে এপস্টিন বিতর্ক।
রাজনৈতিক মহলে জল্পনা চলছে, টালমাটাল পরিস্থিতি সামাল দিতে লেবার পার্টি শাবানাকে সামনে আনতে পারে। যদি তা সত্যি হয়, তবে তিনি হবেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। তবে এখনো লেবার পার্টির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসী পরিবারের সন্তান শাবানা মাহমুদের উত্থান এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে। তবে প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ ও লেবার পার্টির সিদ্ধান্তই নির্ধারণ করবে, তিনি সত্যিই ১০ ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন কিনা।
logo-1-1740906910.png)