Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ১০ জানুয়ারি ২০২৬

নির্বাচনী ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ, পরিবহন সংকট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫

নির্বাচনী ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ, পরিবহন সংকট

১। জাতীয় নির্বাচন উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটিতে রাজধানী ছাড়ছেন বিপুল সংখ্যক নগরবাসী। এতে ঢাকার সড়কে যাত্রীচাপ কয়েক গুণ বেড়েছে এবং তীব্র সংকট দেখা দিয়েছে গণপরিবহনে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বাস, রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনে দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

২। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার মধ্যরাত ১২টা থেকে সারাদেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ভোট গ্রহণের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত বহাল থাকবে। এছাড়া মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের পরদিন শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

৩। পুলিশ জানিয়েছে, সারাদেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৬ হাজার কেন্দ্র মাঝারি ঝুঁকিপূর্ণ এবং প্রায় ১৬ হাজার কেন্দ্র সাধারণ ঝুঁকিপূর্ণ। উচ্চ ও মাঝারি ঝুঁকিপূর্ণ মিলিয়ে প্রায় ২৪ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজি) জানান, এসব কেন্দ্রে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যার প্রথম স্তরে দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের প্রতিটিতে পুলিশ মোতায়েন থাকবে।

৪। সারাদেশে সড়ক দুর্ঘটনায় এক দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে, আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৫। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছর আগে যা ছিল ১৪ কোটি এক লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা। অন্যদিকে প্রেস সচিব শফিকুল আলমের ব্যাংকে নগদ আছে ১ কোটি ১৪ লাখ টাকা, পাশাপাশি তার মালিকানায় রয়েছে তিনটি ফ্ল্যাট।

Logo