Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ ফেব্রুয়ারি ২০২৬

বাহরাইনে বিদ্যুৎ বিল নিয়ে সরকারি সিদ্ধান্ত কার্যকর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬

বাহরাইনে বিদ্যুৎ বিল নিয়ে সরকারি সিদ্ধান্ত কার্যকর

বাহরাইন

বাহরাইনে বিদ্যুৎ বিল নিয়ে সরকারি সিদ্ধান্ত কার্যকর 

বাহরাইনে বিদ্যুৎ বিল দেওয়ার বিষয়ে সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সরকারের নতুন বিলিং রিফর্ম অনুযায়ী, বাসা-বাড়িতে একক অ্যাকাউন্টে বিদ্যুৎ ব্যবহার করা দুই বা ততোধিক বাহরাইনি পরিবারের জন্য বিদ্যুতের বিল বেড়ে যাবে। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, এক অ্যাকাউন্টে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ইউনিটভিত্তিক দাম নির্ধারণ করা হয়েছে। শূন্য থেকে ৩ হাজার ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের দাম রাখা হয়েছে ৩ ফিলস। ৩ হাজার ১ থেকে ৫ হাজার ইউনিট ব্যবহারে প্রতি ইউনিটের দাম হবে ৯ ফিলস। ৫ হাজার ১ থেকে ৭ হাজার ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ ফিলস। আর ৭ হাজার ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে প্রতি ইউনিটের জন্য দিতে হবে ২৩ ফিলস। এই নতুন বিল কাঠামোতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেসব পরিবারের ওপর, যেখানে এক বাড়িতে একাধিক পরিবার বসবাস করেন কিন্তু বিদ্যুতের জন্য রয়েছে মাত্র একটি মিটার বা একটি অ্যাকাউন্ট। বিশেষ করে গ্রীষ্মকালে অতিরিক্ত এয়ার কন্ডিশনার ব্যবহারের কারণে বিদ্যুৎ খরচ বেড়ে যাবে, যার ফলে অনেক পরিবার উচ্চ ট্যারিফে পড়ে যাবে। এই পরিস্থিতিতে অনেক পরিবার এখন আলাদা বিদ্যুৎ মিটার নেওয়ার কথা ভাবছে, যাতে বাড়তি বিলের চাপ কিছুটা কমানো যায়। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। তবে নতুন রেট অনুযায়ী বিদ্যুৎ বিল হিসাব করা হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। অর্থাৎ আগের মাসগুলোর বিদ্যুতের ব্যবহারও নতুন দামে গণনা করা হবে।


কুয়েত

কুয়েতে কবে শুরু রমজান জানালেন জ্যোতির্বিদরা

কুয়েতে পবিত্র রমজান মাসের নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সূর্য ডোবার পর আকাশে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়েতের আল-উজায়রি সায়েন্টিফিক সেন্টার জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর খুব কম সময়ের জন্য নতুন চাঁদ আকাশে থাকবে, যা পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্দেশ করবে। খালি চোখে চাঁদ দেখা যাবে কিনা, তা দেশভেদে ও আবহাওয়ার তারতম্যের ওপর নির্ভর করে। তবে বিজ্ঞানীদের মতামত এবং বিভিন্ন দেশগুলোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন চাঁদটি খালি চোখে দেখা খুব কঠিন বা অসম্ভব হতে পারে। কারণ এটি সূর্যাস্তের ঠিক আগেই বা খুব কাছাকাছি সময় দৃশ্যমান হতে পারে। অনেক অঞ্চলে সেটি সূর্য একদম অদৃশ্য হওয়ার সময়ে মাত্র এক মিনিটের জন্য আকাশে থাকতে পারে। ফলে তা খালি চোখে দেখা সহজ হবে না। আর রমজান কবে থেকে শুরু হবে, সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে স্থানীয় চাঁদ দেখা কমিটি ও ধর্মীয় কর্তৃপক্ষ।


সংযুক্ত আরব আমিরাত 

আমিরাতে জানানো হলো সেহরি-ইফতারের সূচি

আমিরাতে ২০২৬ সালের পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। রমজানের শুরুতে ইমসাক অর্থাৎ সেহরির শেষ সময় ভোর প্রায় ৫টা ২৪ মিনিটের দিকে এবং ইফতার অর্থাৎ রোজা ভাঙার সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে হবে। গালফ নিউজ এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আমিরাতে রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। দিন যত এগোবে সেহরির সময় আরো এগিয়ে আসবে। আর ইফতারের সময় ক্রমাগত আরো দেরিতে শুরু হবে। আর রমজানের শেষ দিকে সেহরি ভোর প্রায় ৪টা ৫৮ মিনিটে এবং ইফতার সন্ধ্যা প্রায় ৬টা ৩২ মিনিটে হতে পারে। তবে এগুলো কেবল খসড়া সময়সূচি। তাই রোজা রাখা ও নামাজ আদায়ের ক্ষেত্রে নাগরিক ও বাসিন্দাদের স্থানীয় মসজিদ বা ধর্মীয় কর্তৃপক্ষের চূড়ান্ত ঘোষিত সময়সূচি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

 

সৌদি আরব

সৌদিতে উচ্চগতির ট্রেন কেনা হচ্ছে আরো ২০টি 

সৌদি সরকার দেশটির হারামাইন হাইস্পিড-রেলওয়ে লাইনে আরো ২০টি নতুন উচ্চগতির ট্রেন কেনার চুক্তি করেছে, যার মোট মূল্য প্রায় ১.৫৪ বিলিয়ন মার্কিন ডলার। এটি দেশের আধুনিক রেল যোগাযোগ আরো উন্নত করার বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে পবিত্র শহরগুলোর মধ্যে নিরাপদ, দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে। এই চুক্তির ফলে বর্তমানে মক্কা, জেদ্দা, কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি ও মদিনাসহ পাঁচটি স্টেশনের মধ্যে চলমান উচ্চগতির ট্রেন সার্ভিস আরো শক্তিশালী হবে এবং হজ ও ওমরাহ মৌসুমে যাত্রীদের ভিড় সহজভাবে মোকাবিলা করা যাবে। বর্তমানে এই রুটে ৩৫টি টেলগো ৩৫০ ট্রেন সেবা দিচ্ছে। তবে বর্তমান চুক্তি অনুযায়ী তা বেড়ে হবে ৫৫টি। ফলে এই রুটে বছরে ৩০ মিলিয়নেরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। নতুন ট্রেনগুলো ২০২৮ সালের শেষ দিক থেকে সৌদিতে এসে পৌঁছাবে।


ওমান

ওমানে শুরু হয়েছে উটের সৌন্দর্য প্রতিযোগিতা

ওমানে ২০২৬ সালের ক্যামেল বিউটি শো ফেস্টিভাল শুরু হয়েছে। শুক্রবার দেশটির দক্ষিণ আল বাতিনা প্রদেশের আল-মুসন্নাহ ওলায়াতে এই ফেস্টিভাল শুরু হয়। উৎসবটি আয়োজন করেছে ওমান ক্যামেল রেসিং ফেডারেশন। দেশের বিভিন্ন প্রদেশ থেকে উটপ্রেমীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া উটগুলোকে তাদের শরীরের গঠন, রং, আকৃতি ও অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে বিচার করা হবে এবং সেরা সুন্দর  উটদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এই ধরনের উট সৌন্দর্য প্রদর্শনী ও প্রতিযোগিতা ওমানের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয় এবং বিশেষ করে মরু এলাকার মানুষদের জন্য এটি একটি বড় আকর্ষণীয় অনুষ্ঠান। শুক্রবার শুরু হওয়া এই ফেস্টিভাল চলবে পাঁচ দিন।

Logo