আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারেন, সে জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোবাইল অ্যাপ, হটলাইন, এসএমএস এবং ওয়েবসাইট এই চার মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে তথ্য জানতে পারবেন।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা পাওয়া যাবে।
এছাড়া ভোটাররা হটলাইন নম্বর ১০৫-এ কল করে তথ্য জানতে পারবেন। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। কল করার সময় এনআইডি নম্বর ও জন্মতারিখ দিতে হবে।
তৃতীয় উপায় হলো এসএমএস। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে “PC NID” লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানানো হবে।
চতুর্থ উপায় হলো ইসির ওয়েবসাইট ecs.gov.bd। এখানে নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। আবার এনআইডি ও জন্মতারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও কেন্দ্র খুঁজে পাওয়া যাবে। ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব এবং যাওয়ার পথও দেখা যাবে।
logo-1-1740906910.png)