বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, প্লেন ফিরল ঢাকায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাজশাহীগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উড্ডয়নের প্রায় ৫০ নটিক্যাল মাইল অতিক্রম করার পর বিমানটিতে সমস্যা দেখা দিলে পাইলট নিরাপত্তার স্বার্থে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
বিমানটিতে মোট ৬৬ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে দুজন শিশু। নির্ধারিত সময় বিকাল পৌনে ৬টার পরপরই ফ্লাইটটি ঢাকা ছাড়ে। প্রায় এক ঘণ্টা আকাশে থাকার পর সন্ধ্যা ৭টার কিছু পরে বিমানটি ঢাকায় নিরাপদে অবতরণ করে।
যাত্রীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর থেকেই বিমানটিতে অস্বাভাবিক কাঁপুনি ও তীব্র শব্দ অনুভূত হচ্ছিল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের বলেন, “উড্ডয়নের সময় থেকেই অস্বাভাবিক শব্দ হচ্ছিল এবং কাঁপুনি ছিল। এতে অনেক যাত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন।” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তার বানু দুই মেয়েকে নিয়ে ফ্লাইটে ছিলেন। তিনি জানান, আকাশে থাকার সময় সবাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলেন।
আরেক যাত্রী বুয়েটের স্কলার মাসুদ রানা বলেন, তিনি বিমানে ওঠার পর ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কাঁপুনি ও শব্দে ঘুম ভেঙে যায়। পরে বুঝতে পারেন, বিমানটি রাজশাহীতে না গিয়ে ঢাকায় ফিরে এসেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাজশাহী স্টেশন ব্যবস্থাপক মামুন আল রশিদ জানান, বিমানটিতে প্রেসারাইজেশন সমস্যা দেখা দিয়েছিল। নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর কেবিনে যে চাপ থাকার কথা, তা ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না। নিরাপত্তার স্বার্থে বিমানটি ঢাকায় ফিরে আসে। তিনি আরো বলেন, তীব্র শব্দ মূলত ইঞ্জিনের ভাইব্রেশনের কারণে হয়েছে। বর্তমানে বিমানটি ঢাকায় পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে।
যাত্রীদের পরবর্তী যাত্রা কখন এবং কীভাবে হবে, সে বিষয়ে রাত পৌনে ৮টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন যাত্রী বিমানবন্দরে অসন্তোষ প্রকাশ করেন।
logo-1-1740906910.png)