Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ ফেব্রুয়ারি ২০২৬

বাহরাইনের সংসদে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আলোচনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০২

বাহরাইনের সংসদে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আলোচনা

বাহরাইন

বাহরাইনের সংসদে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আলোচনা

বাহরাইনের মানামায় প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা ‘বাঙালি গলি’ নিয়ে দেশটির সংসদে আলোচনা তুলেছেন এক এমপি। তিনি দেশটির স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বাহরাইনের মানামায় অবস্থিত 'বাঙালি গলি' নামক একটি এলাকার শোচনীয় অবস্থা এবং সেখানকার অস্থায়ী শ্রমিকদের বিশৃঙ্খল জীবনযাপনের চিত্র তুলে ধরেন। ভিডিওতে সাংসদ অভিযোগ করেন, এলাকাটি অস্বাস্থ্যকর পরিবেশে ঠাসা এবং সেখানে নিয়মবহির্ভূতভাবে পচা খাদ্যদ্রব্য ও মেয়াদোত্তীর্ণ মাংস বিক্রি করা হয়। এখানকার আবাসন ব্যবস্থা এতটাই শোচনীয়, একটি বিছানা দিনে তিনটি ভিন্ন শিফটে ভাড়া দেওয়া হয়, যা স্থানীয় বাহরাইনি পরিবারগুলোর জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এলাকাটিতে যানজট এবং পার্কিংয়ের তীব্র সমস্যার কথা উল্লেখ করে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি মনে করেন, এই অভিবাসী শ্রমিকদের আচার-আচরণ বাহরাইনের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক এবং এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন। 

অন্যদিকে, বাহরাইনে জালিয়াতির দায়ে এক এশিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দ্য নিউজ অব বাহরাইনের খবরে জানা যায়, ওই অভিযুক্ত প্রবাসী বিভিন্ন গোল্ডের দোকানে নকল গোল্ডের বার বিক্রির চেষ্টা চালাচ্ছিল। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আটক করেছে। খবরে ৩৯ বছর বয়সী ওই প্রবাসী এশিয়ান হলেও সে কোন দেশের নাগরিক, সেই বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।


কুয়েত

কুয়েতে রমজানে কাজের সময়সূচি ঘোষণা 

আসন্ন রমজান মাস সামনে রেখে কুয়েতে সরকারি কর্মচারীদের জন্য নতুন কাজের সময় ঘোষণা করা হয়েছে। কুয়েতের সিভিল সার্ভিস কমিশন ঘোষণা দিয়েছে, এবার রমজান মাসে সরকারি দপ্তরগুলোর কাজের সময় হবে প্রতিদিন মাত্র ৪.৫ ঘণ্টা। কর্মীরা তাদের কাজ শুরু করতে পারবেন সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে যে কোনো সময়ে, যাতে রোজা রাখা ও ধর্মীয় কাজকর্ম সঠিকভাবে করতে সুবিধা হয়। এই সময়সূচি দেশের সব সরকারি সংস্থায় একইভাবে প্রযোজ্য হবে এবং নিয়ম মানা হবে, যাতে অফিসের কাজ সচল থাকে আর কর্মচারীরা ইবাদতের সময়ও পায়। সাথে এটাও জানানো হয়েছে, প্রতি রমজান মাসেই এই সময় কার্যকর থাকবে।

এদিকে, কুয়েতে রমজান মাসে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ঘোষণা করা হয়েছে, কোনো মসজিদ বাইরের স্পিকার দিয়ে আজান বা নামাজের ডাক সম্প্রচার করতে পারবে না। এই নতুন নিয়মের উদ্দেশ্য হলো পবিত্র রমজান মাসে ধর্মীয় ইবাদত ও প্রচলিত কাজের মধ্যে শান্তি বজায় রাখা ও জনস্বার্থ রক্ষা করা।


সৌদি আরব

সৌদিতে শুরু হয়েছে হজের অগ্রিম কার্যক্রম

সৌদি আরবে ২০২৬ সালের হজের জন্য ভিসা দেওয়া শুরু হবে ৮ ফেব্রুয়ারি রোববার থেকে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এ বছর প্রচলিত সময় থেকে প্রায় চার মাস আগেই ভিসা প্রদান করা শুরু হচ্ছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো হজের প্রস্তুতি আরো সুষ্ঠু করা, যাবতীয় সার্ভিস ও আবাসন ব্যবস্থা আগেই ঠিক করে রাখা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করা।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গাইডলাইন ও পরিষেবা চুক্তিসহ মক্কার আবাসন ও অন্যান্য সব সার্ভিসের চুক্তি সম্পন্ন করা প্রায় শেষের পথে। প্রায় ৭ লাখ ৫০ হাজার হাজির আবেদন ইতোমধ্যেই জমা পড়েছে। এর মধ্যে ৩০ হাজার হাজি সরাসরি তাদের নিজ দেশ থেকে বুকিং করে ফেলেছেন। এছাড়া আন্তর্জাতিক হাজিদের জন্য প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ করা হয়েছে এবং ৭৩টি হজ অফিস তাদের মৌলিক চুক্তিভিত্তিক প্রস্তুতিও শেষ করেছে। যার উদ্দেশ্য দেশটিতে যাওয়া লাখ লাখ হাজি যেন সহজে হজ পালন করতে পারেন। 


ওমান

ওমানে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

ওমানে বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে।দেশটিতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে যারা বিয়ে করতে ইচ্ছুক, তাদের জন্য বিয়ের আগেই স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী কোনো দম্পতি মেডিকেল টেস্ট ও পরামর্শ ছাড়া তাদের বিয়ের চুক্তিপত্র সম্পূর্ণ করতে পারবে না। স্ক্রিনিংয়ে বিভিন্ন জেনেটিক এবং সংক্রামক রোগ যেমন অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও এইচআইভির মতো রোগ নির্ণয় করা হবে, যাতে করে যারা বিয়ে করছে তারা তাদের স্বাস্থ্য সম্পর্কে আগে থেকেই জেনে নিতে পারেন এবং ভবিষ্যতে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি থেকে নিজেকে ও তাদের পরিবারকে রক্ষা করতে পারেন। এই সিদ্ধান্তটি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক রোগের সংক্রমণ কমানো এবং ভবিষ্যতের সন্তানদের স্বাস্থ্য উন্নত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। স্ক্রিনিংটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত প্রাইভেট ক্লিনিকে করাতে হবে এবং শুধু পরীক্ষা সম্পন্ন ও সার্টিফিকেট নিলেই কেবল বিয়ের চুক্তিপত্র স্বীকৃত হবে, না হলে বিয়ে কার্যকর হবে না। ওমানি কর্তৃপক্ষ বলেছে, টেস্টের ফলাফল তৃতীয় কোনো পক্ষকে জানানো যাবে না।

Logo