বিএনপির ইশতেহারে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এতে প্রবাসীদের জন্য বিশেষ উদ্যোগ হিসেবে ‘প্রবাসী কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার পাঠ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ইশতেহারে বলা হয়েছে, প্রবাসী কার্ডে প্রবাসীদের তথ্য, দক্ষতা ও চাকরির শর্ত সংরক্ষিত থাকবে। এটি ব্যাংক পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত থাকবে, যাতে সহজে রেমিট্যান্স পাঠানো যায়। কার্ডধারীরা রেমিট্যান্সে বাড়তি প্রণোদনা পাবেন এবং দেশে ফেরার পর সামাজিক সুরক্ষা সুবিধা ভোগ করবেন।
প্রবাসীদের প্রবাসীকল্যাণ ফাউন্ডেশনের সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। মৃত্যু, দুর্ঘটনা বা চাকরি হারালে সহায়তা দেওয়া হবে। উদ্যোক্তা সহায়তায় এসএমই ও ভেঞ্চার ক্যাপিটাল সুবিধা পাওয়া যাবে। দেশে ফেরত প্রবাসীদের কর্মসংস্থান, তাদের পরিবারের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। পুনরায় বিদেশে যেতে চাইলে সহায়তা দেওয়া হবে।
বিএনপি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল উল্লেখ করে বলা হয়, বিগত সময়ে সিন্ডিকেটের কারণে জনশক্তি রপ্তানি ব্যয় বেড়েছে এবং বহু মানুষ প্রতারিত হয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে এ ধরনের সিন্ডিকেট ও প্রতারণা বন্ধ করবে।
ইশতেহারে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তিকে প্রস্তুত করতে অবকাঠামোগত পরিবর্তন আনা হবে। প্রবাসীদের মানবাধিকারসহ সব অধিকার আদায়ে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি। এ জন্য উপজেলায় তালিকাভুক্তদের প্রশিক্ষণ, ভাতা প্রদান এবং দরিদ্রদের শূন্য বা ন্যূনতম খরচে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হবে।
প্রবাসীদের জন্য বিমানবন্দর ও দূতাবাসে ঝামেলামুক্ত সম্মানজনক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি। লাগেজ ফ্যাসিলিটির নিরাপত্তায় কঠোর নজরদারি কার্যক্রম নেওয়ার কথা বলা হয়েছে।
logo-1-1740906910.png)