Logo
×

Follow Us

বাংলাদেশ

পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৩

পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান পুরান ঢাকার ঐতিহ্যবাহী অলিগলিতে ঘুরে বেড়িয়েছেন। রিকশায় চড়ে তারা লালবাগ কেল্লা থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন এবং স্থানীয় খাবারের স্বাদ নেন।

৫ ফেব্রুয়ারি রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নিজের সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে পুরান ঢাকার ব্যস্ত গলিপথে ঘুরছেন। সফরের শুরুতে তারা লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শন করেন, যা যুক্তরাষ্ট্রের সহায়তায় সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “২০২১ সালে আমার পূর্বসূরি আর্ল মিলার এই স্থানকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য মনোনীত করেছিলেন। এখন এখানে অসাধারণ কাজ হয়েছে, কয়েক বছর আগের সঙ্গে কোনো মিল নেই।” তিনি আরো জানান, পুরান ঢাকার উষ্ণ আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রদূত ও তার স্ত্রী পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ উপভোগ করেছেন। সফরের একপর্যায়ে তারা সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনি দালান পরিদর্শন করেন।

পুরান ঢাকার বিখ্যাত মসলা চা ও সুস্বাদু বিরিয়ানি খেয়ে তারা স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ করেন। সফর শেষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, পুরান ঢাকা শুধু ঐতিহাসিক স্থাপনা নয়, বরং এখানকার মানুষ ও সংস্কৃতি একে বিশেষ করে তুলেছে।

Logo