আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
এছাড়া ৪ লাখ ৪৯ হাজার ৬ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। বিদেশে অবস্থানরতদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
সালীম আহমাদ খান আরো জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
logo-1-1740906910.png)