Logo
×

Follow Us

বাংলাদেশ

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই সিস্টেম চালু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। এদিন থেকে আগামী ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাবে।  

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে আবেদনকারীদের অবশ্যই বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আইভ্যাক জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সাইনআপ খোলা হবে এবং সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং শুরু হবে।  

আইভ্যাকের নোটিশে বলা হয়েছে, নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের লিংক অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। ৮ ফেব্রুয়ারি থেকে সব অ্যাপয়েন্টমেন্ট স্লট এই নতুন সিস্টেমের মাধ্যমে বুক করতে হবে। আবেদনকারীদের নির্দেশনা সাবধানতার সঙ্গে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। 

সাইনআপ প্রক্রিয়ায় আবেদনকারীদের ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে। সাইনআপ করার পর একটি ওটিপি ইমেইলে এবং আরেকটি মোবাইল এসএমএসে যাবে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরে মোবাইলের ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ করতে হবে। বিকেল সাড়ে ৫টার আগে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।  

সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর আবার মোবাইলে ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতা আসবে। সেখানে প্রথমে ডকুমেন্ট আপলোড করতে হবে। আপলোডের পর সন্ধ্যা ৬টায় স্লট খোলার অপেক্ষা করতে হবে। স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। প্রয়োজনে একবার পরিবর্তনের সুযোগ থাকবে।  

অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী ফি পরিশোধ করতে হবে। আইভ্যাক শুরুতেই জাল অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ না করার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে। 

Logo