Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ ফেব্রুয়ারি ২০২৬

বাহরাইনে অভিযানে ১৭ আটক ও বহিষ্কার ১৪৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৪

বাহরাইনে অভিযানে ১৭ আটক ও বহিষ্কার ১৪৬

বাহরাইন

বাহরাইনে অভিযানে আটক ও বহিষ্কার

বাহরাইনে লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির অভিযানে ১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। সেই সাথে ১৪৬ জন আইন লঙ্ঘনকারীকে বাহরাইন থেকে ডিপোর্ট করা হয়েছে। লেবার মার্কেট অথরিটি জানিয়েছে, ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাহরাইনে বিভিন্ন গভর্নরেট এলাকায় ১৫৪৯টি অভিযান চালানো হয়। দেশটির বিভিন্ন জেলা ও গভর্নরেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থানে সংশ্লিষ্ট বাহিনীগুলোর যৌথ উদ্যোগে নিয়মিত অভিযানগুলো পরিচালনা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের অভিযান আরো ব্যাপকভাবে পরিচালনা করা হবে, যাতে সমস্ত গভর্নরেটেই শ্রমিকরা আইনি বিধিবিধান ঠিকভাবে অনুসরণ করছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত করা যায়। তাই সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। 


সৌদি আরব

সৌদিতে হজ-ওমরাহ নিয়ে হাজিদের সন্তুষ্টি

২০২৫ সালে সৌদি আরবে হজ ও ওমরাহ পালন করতে আসা বিদেশি তীর্থযাত্রীদের সন্তুষ্টির মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর পারফরম্যান্স ম্যানেজমেন্ট জানিয়েছে, তীর্থযাত্রীদের জন্য প্রদত্ত সেবার প্রতি সন্তুষ্টির হার ৯০ শতাংশের বেশি ছিল। সরকারি তথ্যের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, ২০২৫ সালে প্রায় ১ কোটি ৯৫ লাখ বিদেশি তীর্থযাত্রী সৌদি আরবে হজ ও ওমরাহ আদায় করেন। এর মধ্যে হজ পালনকারীদের মধ্যে সন্তুষ্টির হার ছিল ৯১ শতাংশ এবং ওমরাহ পালনকারীদের ক্ষেত্রে এই হার ছিল ৯৪ শতাংশ। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ধর্মীয় আচার, নামাজ, রোজা, ইফতার পালনে সহায়তা, স্বাস্থ্যসেবা, পরিবহন ব্যবস্থা, আবাসন ও খাবারের মান উন্নয়ন, ডিজিটাল সেবা এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের ফলেই হাজিরা উন্নত সেবা পেয়েছেন। 


কুয়েত

কুয়েতে প্রবাসী শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তি সহজ হলো

কুয়েতে প্রবাসী শ্রমিকদের শ্রম-সংক্রান্ত অভিযোগ দ্রুত ও ন্যায্যভাবে নিষ্পত্তির জন্য নতুন ব্যবস্থা চালু করেছে দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার। এই নতুন ব্যবস্থার ফলে এখন থেকে প্রবাসী শ্রমিকদের আর কেন্দ্রীয় দপ্তরে যেতে হবে না, বরং তারা নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট শ্রম দপ্তরেই সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। এর ফলে সময়, খরচ ও ভোগান্তি অনেক কমাবে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, অভিযোগ গ্রহণের প্রক্রিয়াকে আরো সুশৃঙ্খল করতে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে অভিযোগ নেওয়া হবে, যাতে প্রতিটি কেস দ্রুত যাচাই ও সমাধান করা সম্ভব হয়। অভিযোগের ধরন, দায়েরের স্থান এবং প্রয়োজনীয় তথ্য বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সংস্থাটি আরো জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা, প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং কুয়েতের শ্রমবাজারে স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, যা প্রবাসী শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে রমজানে স্কুলের নতুন সূচি

সংযুক্ত আরব আমিরাতে রমজান উপলক্ষে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য স্কুল ডে সংক্ষিপ্ত করা হয়েছে। আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, এবার রমজানের সময় স্কুলগুলোতে সাধারণ সময়ের মতো পুরো দিন ক্লাস হবে না। এই নতুন সময়সূচির আওতায় সংক্ষিপ্ত স্কুল দিনগুলোতে ক্লাসগুলো সাধারণত সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত চলবে এবং বিষয়ভিত্তিক পড়াশোনা, আত্ম উন্নয়ন ও পারিবারিক সময়ের জন্য গুরুত্ব দেওয়া হবে, যাতে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। সেই সাথে ১২ দিনের বড় ছুটিও ঘোষণা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পরিবার, ধর্মীয় কার্যক্রম এবং বিশ্রামে সময় দিতে পারে। রমজান মাস ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা থাকায় ছাত্রছাত্রীদের পুরো মাসজুড়ে ক্লাসের সময় কমিয়ে আনার সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা রমজান মাসে সহজে এবং সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি রোজা-নামাজ পালনেও অংশ নিতে পারবে।

Logo