Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে রেস্টুরেন্ট ও ফুড ডেলিভারি সেবায় নতুন আইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪

কুয়েতে রেস্টুরেন্ট ও ফুড ডেলিভারি সেবায় নতুন আইন

কুয়েত উপসাগরীয় সহযোগী পরিষদ (জিসিসি) অঞ্চলে প্রথমবারের মতো রেস্টুরেন্ট ও ফুড ডেলিভারি সেবার ওপর নিয়ন্ত্রণমূলক আইন চালু করেছে। নতুন এই আইন অনুযায়ী ডেলিভারি প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট ফি ও কমিশন তিন বছরের জন্য স্থির রাখতে হবে। সরকারের দাবি, এটি ভোক্তা সুরক্ষা, বাজারে ন্যায্য প্রতিযোগিতা এবং ক্ষুদ্র ব্যবসা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরব টাইমসের রিপোর্ট।

কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সম্প্রতি মন্ত্রিপরিষদীয় সিদ্ধান্ত নম্বর ১০/২০২৬ জারি করেছে। এতে বলা হয়েছে, রেস্টুরেন্ট ও প্রস্তুত খাবার সরবরাহকারী ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোকে এখন থেকে নির্দিষ্ট নিয়ম মেনে পরিচালিত হতে হবে। দ্রুত বর্ধনশীল ডিজিটাল অর্থনীতিতে একচেটিয়া ব্যবসা ও অস্বচ্ছ ফি কাঠামো ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ পর্যবেক্ষণ ও গবেষণার পর দেখা গেছে কিছু প্রতিষ্ঠান অযৌক্তিক কমিশন বৃদ্ধি, একচেটিয়া চুক্তি, অস্বচ্ছ ফি কাঠামো এবং বৈষম্যমূলক প্রযুক্তি ব্যবহার করছে। এসব কারণে বাজারে ন্যায্য প্রতিযোগিতা ব্যাহত হচ্ছিল। তাই তিন মাস ধরে রেস্টুরেন্ট মালিক, ই-কমার্স প্ল্যাটফর্ম ও ডেলিভারি কোম্পানির সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ আইনগত কাঠামো তৈরি করা হয়েছে।  

নতুন আইনে বলা হয়েছে, প্ল্যাটফর্মগুলোকে তাদের কার্যক্রম ‘ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে ডেলিভারি সেবা ব্যবস্থাপনা’ হিসেবে নিবন্ধন করতে হবে। ফি ও কমিশন তিন বছরের জন্য স্থির থাকবে, যাতে ব্যবসায়ীরা আর্থিক পরিকল্পনা করতে পারেন এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো অযাচিত চাপ থেকে মুক্ত থাকে। প্ল্যাটফর্মগুলোকে এক মাসের মধ্যে তাদের ফি তালিকা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।  

আইনে আরো বলা হয়েছে, কোনো প্ল্যাটফর্ম একচেটিয়া চুক্তি করতে পারবে না, বৈষম্যমূলক অ্যালগরিদম ব্যবহার করতে পারবে না এবং গ্রাহকদের মধ্যে পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না। সব ফি লিখিত চুক্তিতে উল্লেখ করতে হবে এবং বার্ষিক মূল্য তালিকা প্রকাশ করতে হবে। কোনো গোপন ফি বা অপ্রকাশিত চার্জ অবৈধ হিসেবে গণ্য হবে। রেস্টুরেন্টগুলো বিনামূল্যে তাদের ডেটা অ্যাক্সেস করতে পারবে এবং একাধিক প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করার স্বাধীনতা থাকবে।  

ভোক্তাদের জন্যও নতুন আইন গুরুত্বপূর্ণ। এতে বলা হয়েছে, অর্ডার সম্পন্ন করার আগে সব মূল্য স্বচ্ছভাবে প্রদর্শন করতে হবে, যাতে কোনো গোপন চার্জ না থাকে। প্ল্যাটফর্মগুলোকে সেবার মান ও নিরাপদ ডেলিভারির দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।  

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খলিফা আল-আজিল বলেছেন, এই সিদ্ধান্ত ডিজিটাল অর্থনীতিকে সুশৃঙ্খল করার একটি বড় পদক্ষেপ। তিনি বলেন, তিন বছরের জন্য ফি স্থির রাখা বাজারে হস্তক্ষেপ নয়, বরং একটি সংশোধনী ব্যবস্থা। এটি ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষা করবে।  

কুয়েতের এই উদ্যোগ জিসিসি অঞ্চলে প্রথমবারের মতো ফুড ডেলিভারি সেবায় আইনগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল। সরকার আশা করছে, এর ফলে বাজারে স্বচ্ছতা আসবে, ভোক্তারা সুরক্ষিত হবে এবং ক্ষুদ্র ব্যবসাগুলো টিকে থাকার সুযোগ পাবে।

Logo