Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশে পৌঁছেছে প্রায় দুই লাখ প্রবাসীর ভোট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩

দেশে পৌঁছেছে প্রায় দুই লাখ প্রবাসীর ভোট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের অংশ হিসেবে দেশে পৌঁছেছে প্রায় দুই লাখ প্রবাসীর ভোট। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এসব পোস্টাল ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানো হচ্ছে।  

ইসির তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট। এর মধ্যে প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২২ হাজার ৩১৫টি। ভোট দিয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন। পোস্ট অফিসে জমা রয়েছে ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসীর ভোট। এর মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট।  

দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের জন্য পাঠানো হয়েছিল ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি পোস্টাল ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ৫৮ হাজার ৭৯৭ জন। ভোট দিয়েছেন ৪৩ হাজার ৩১৯ জন এবং পোস্ট অফিসে জমা দিয়েছেন ২৯ হাজার ৩৩৪ জন।  

ইসি জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।  

প্রবাসীদের ভোট দেশে পৌঁছানোকে নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে। কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে। তবে ভোট গণনার সময় এসব পোস্টাল ব্যালট সঠিকভাবে ব্যবস্থাপনা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Logo