Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের বেসরকারি খাতে ৯৭ ভাগই প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫

কুয়েতের বেসরকারি খাতে ৯৭ ভাগই প্রবাসী

কুয়েতের শ্রমবাজারে প্রবাসীদের আধিপত্য আরো স্পষ্ট হয়ে উঠেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, বেসরকারি খাতে কর্মরতদের মধ্যে প্রায় ৯৬ শতাংশই প্রবাসী, আর কুয়েতি নাগরিকদের অংশ মাত্র ৩.৬৩ শতাংশ। এই বৈষম্য শ্রমবাজারে ভারসাম্যহীনতা তৈরি করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।  

আরব টাইমসের প্রতিবেদন বলছে, ২০২৫ সালের শেষে কুয়েতের শ্রমবাজারে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ লাখ ১২ হাজার, যা আগের বছরের তুলনায় ৮.৯ শতাংশ বেশি। এক বছরে নতুন করে যুক্ত হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯৬০ জন কর্মী। এর মধ্যে গৃহকর্মী বাদ দিলে শ্রমবাজারে কর্মীর সংখ্যা দাঁড়ায় ২৩ লাখ ৫৩ হাজার। পুরুষ কর্মীর সংখ্যা মোট শ্রমবাজারের প্রায় ৭০ শতাংশ, আর নারী কর্মীর সংখ্যা ৯ লাখ ৭২ হাজার। গৃহকর্মী খাতে কর্মরত রয়েছে ৭ লাখ ৬১ হাজার জন, যা মোট শ্রমবাজারের এক-চতুর্থাংশের বেশি।  

কুয়েতি নাগরিকদের সংখ্যা শ্রমবাজারে প্রায় ৪ লাখ ৯৩ হাজার, যা মোট কর্মীর ২১ শতাংশ। অন্যদিকে প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় ২৭ লাখ। কুয়েতিদের মধ্যে প্রায় ৮০ শতাংশই সরকারি খাতে কর্মরত, যা মোট ৩ লাখ ৯৫ হাজার জন। বেসরকারি খাতে কর্মরত কুয়েতির সংখ্যা মাত্র ৬৭ হাজার। সরকারি খাতে মোট কর্মীর সংখ্যা ৫ লাখ ২৫ হাজার, এর মধ্যে কুয়েতি ৩ লাখ ৯৫ হাজার এবং প্রবাসী ১ লাখ ৩০ হাজার। অন্যদিকে বেসরকারি খাতে কর্মীর সংখ্যা ১৮ লাখ ২৫ হাজার, যেখানে কুয়েতি মাত্র ৩.৬৩ শতাংশ, আর প্রবাসী কর্মী ৯৬.৩৬ শতাংশ।  

খাতভিত্তিক কর্মসংস্থানে দেখা যায়, কুয়েতি নাগরিকদের বড় অংশ কর্মরত রয়েছে প্রশাসন, প্রতিরক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে। এখানে প্রায় ৩ লাখ ৮৫ হাজার জন কাজ করছেন। দ্বিতীয় স্থানে রয়েছে রিয়েল এস্টেট ও ভাড়া খাত, যেখানে ৩৩ হাজার ৫০০ জন কুয়েতি কর্মরত। পাইকারি ব্যবসায় ১১ হাজার ৫০০ জন এবং আর্থিক খাতে ১০ হাজার ৭০০ জন কাজ করছেন। উৎপাদন ও নির্মাণ খাতে কুয়েতিদের উপস্থিতি খুবই কম, প্রায় ৪ হাজার ৫০০ জন করে। স্বাস্থ্য খাতে ১ হাজার ৩১১ জন, শিক্ষা খাতে ১ হাজার ৩৫৭ জন, পরিবহন ও যোগাযোগ খাতে ৫২৪ জন এবং হোটেল-রেস্টুরেন্ট খাতে ১ হাজার ৭২৩ জন কুয়েতি কর্মরত।  

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখা যায়, শ্রমবাজারে কর্মরতদের মধ্যে প্রায় ৫৫ শতাংশই শিক্ষিত। প্রায় ৯ শতাংশ কর্মীর বিশ্ববিদ্যালয় ডিগ্রি রয়েছে। কুয়েতি কর্মীদের মধ্যে ৩৫ শতাংশের বেশি বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী, যার মধ্যে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিধারীও রয়েছেন। অন্যদিকে প্রবাসীদের মধ্যে প্রায় ১ লাখ ২৩ হাজার জন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী। 

Logo