Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ ফেব্রুয়ারি ২০২৬

কুয়েত থেকে বহিষ্কৃত সাড়ে তিন হাজার প্রবাসী কর্মী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৩

কুয়েত থেকে বহিষ্কৃত সাড়ে তিন হাজার প্রবাসী কর্মী

বাহরাইন

বাহরাইনে প্রবাসী কর্মীদের চাকরি পরিবর্তনে নতুন ঘোষণা

বাহরাইনে বিদেশি কর্মীদের চাকরি পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। দেশটিতে প্রবাসী কর্মীরা কোনো নিয়োগকর্তার অধীন এক বছর চাকরি সম্পন্ন করলে পরবর্তী সময়ে নিজের বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়াই নতুন কোনো নিয়োগকর্তার অধীন চাকরি নিতে পারবেন। এই পরিবর্তনটি ইতোমধ্যে দেশের শ্রম আইন ও নিয়মিত কাঠামোর অংশ হিসেবে নিশ্চিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, এটি শ্রমিকদের কাজের অধিক স্বচ্ছতা ও কাজের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। বাহরাইনের আইন অনুযায়ী, প্রবাসী কর্মীকে নতুন নিয়োগকর্তার অধীনে চাকরি শুরু করার জন্য বর্তমান নিয়োগকর্তাকে তিন মাস আগেই রেজিস্টার্ড চিঠি দিয়ে জানাতে হয়। কিছু ক্ষেত্রে যেমন কাজের পারমিটের শর্ত ভাঙা, অপরাধমূলক রায় বা পারমিট সম্পর্কিত লঙ্ঘন থাকলে চাকরির ট্রান্সফার বন্ধ হয়ে যেতে পারে। একই সাথে সরকার নতুন নিয়োগকর্তার আবেদনগুলো পরীক্ষা করে দেখবে, যেন সব ফি প্রদান, সামাজিক বীমা ও বেতন সংরক্ষণ ব্যবস্থা ঠিক আছে কিনা। যদি কোনো প্রবাসী কর্মীর ট্রান্সফারে নিয়োগকর্তা মনে করেন তার আইনি বা চুক্তিভিত্তিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন তিনি আইনি ব্যবস্থাও নিতে পারবেন।


কুয়েত

কুয়েত রেসিডেন্সি আইন কঠোরভাবে কার্যকর করছে

কুয়েতের সরকার বিদেশি কর্মী ও অভিবাসীদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগ কড়াকড়ি করতে শুরু করেছে। যার কারণে, এ বছরের জানুয়ারিতে প্রায় ৩ হাজার ৫০০ জন বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, বহিষ্কৃতরা বিভিন্ন দেশের প্রবাসী কর্মী, যারা ভিসার শর্ত, রেসিডেন্সি বা শ্রম আইন লঙ্ঘন করেছে তাদেরই দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, এই গ্রেফতার ও বহিষ্কারের মধ্য দিয়ে আইন না মানা ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং দেশের সামাজিক ও শ্রমিক বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে চায়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, পারিবারিক এলাকায় অবৈধভাবে ব্যাচেলর বা একক কর্মীদের বাসস্থান তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন অভিযানে দেখা গেছে, একাধিক বাড়িতে অবৈধভাবে ব্যাচেলরের বাসা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এতে ভবন মালিকসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। সরকারের এই পদক্ষেপগুলো মূলত অভিবাসীদের জন্য স্পষ্ট আইনকানুন নিশ্চিত করা, আইনভঙ্গ রোধ করা এবং কুয়েতের নাগরিক ও বৈধ অভিবাসীদের জন্য নিরাপদ ও নিয়মমাফিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই নেওয়া হয়েছে।


কাতার

কাতার দিল নতুন রেসিডেন্সি পারমিটের ঘোষণা

১০ বছর মেয়াদি নতুন একটি রেসিডেন্সি প্রোগ্রাম চালুর ঘোষণা করেছে কাতার। দেশটিতে থাকা বিদেশি ইনভেস্টর, সিইও ও উচ্চ পদস্থ পেশাজীবীরা এই ১০ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসার সুবিধা নিতে পারবেন। কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন এই রেসিডেন্সি প্রোগ্রামের মূল লক্ষ্য প্রবাসী বিনিয়োগকারী, উচ্চপদস্থ কর্মকর্তারা, যাতে দীর্ঘদিন দেশটিতে থেকে ব্যবসা পরিচালনা করতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে কাতার আরব অঞ্চলের অন্যান্য দেশের মতো দীর্ঘমেয়াদে ট্যালেন্ট, ইনভেস্টর ও উদ্ভাবনী ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাতে চায়। একই সাথে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (QIA) তাদের ভেনচারের কার্যক্রমে আরো ২০ কোটি ডলার বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে, যাতে দেশটির স্টার্টআপ ও নতুন ব্যবসা উদ্যোগগুলো শক্তিশালী হয় এবং গ্যাস রপ্তানির বাইরে আরো ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। ধারণা করা হচ্ছে, এসব পরিকল্পনা কাতারের অর্থনৈতিক বৈচিত্র্য, আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশ ও টেকসই উন্নয়নে আরো বড় সুযোগ তৈরি করবে।


সৌদি আরব

সৌদিতে দুর্নীতির দায়ে গ্রেফতার অভিযান

সৌদি আরবে দুর্নীতির দায়ে বিভিন্ন সেক্টরের সরকারি ও বেসরকারি কর্মীদের আটক করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে বেশ কজন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের গ্রেফতার করেছে দেশটির ওভারসাইট অ্যান্ড এন্টি করাপশন অথরিটি (নাযাহা)।নাযাহা আরো জানিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সৌদি গেজেটের খবরে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন প্রবাসী প্রকল্প পরিচালকও রয়েছে। সেই প্রবাসী উচ্চপদস্ত কর্মকর্তা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে কাজ পাওয়ার বিষয়ে চুক্তি করে, দুই সৌদি নাগরিকের কাছ থেকে ২.১৭৫ মিলিয়ন সৌদি রিয়াল ঘুষ নিয়েছিলেন। সেই সাথে এই দুর্নীতির সাথে যুক্ত আরো একজন প্রবাসী ও একজন সৌদি নাগরিককেও আটক করা হয়।এছাড়া স্বাস্থ্য বিভাগের একজন কর্মীকে ৩৮৪ মিলিয়ন রিয়াল মূল্যের প্রকল্প পেতে সহায়তা করার বিনিময়ে ৫ লক্ষ রিয়াল ঘুষ নেওয়ার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তার নাগরিকত্ব সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তে মোট ১০ মিলিয়ন রিয়াল ঘুষের ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে, যা কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে ভাগবাটোয়ারা করা হয়। একই সাথে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সিভিল ডিফেন্স কর্মীকে অর্থ নেওয়া, নিরাপত্তা নিয়ম উপেক্ষা, ফান্ডকৃত অর্থ আত্মসাৎ ও জাতীয় পরিচয়পত্র বরাদ্দে অনিয়মসহ বিভিন্ন কারণে গ্রেফতার করা হয়েছে। 

Logo