Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওয়ার্ক পারমিটসহ যেসব ফি বাড়ছে বাহরাইনে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৮:২৮

ওয়ার্ক পারমিটসহ যেসব ফি বাড়ছে বাহরাইনে

বাহরাইনে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট ও নবায়নসংক্রান্ত ফি বাড়তে যাচ্ছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট ফি বাড়ানোর কথা রয়েছে। নতুন ফি কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগ ও তাদের ওয়ার্ক পারমিট নবায়নে নিয়োগকর্তাদের বাড়তি অর্থ ব্যয় করতে হবে।

বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ওয়ার্ক পারমিটের জন্য এই ফি প্রযোজ্য হবে। তবে ফি বৃদ্ধির এই সিদ্ধান্তের সাথে বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা চালুর কোনো ঘোষণা দেয়া হয়নি।

বাহরাইনের প্রধানমন্ত্রী ও যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফা ২০২৫ সালের ২৯ ডিসেম্বর এ-সংক্রান্ত ৭৯ নম্বর আদেশ জারি করেন। এর আওতায় ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত ধাপে ধাপে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের নতুন ফি হবে  ১১১ দিনার (প্রায় ৩৬ হাজার ৭৫ টাকা)। বর্তমানে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের বার্ষিক ফি ১০৫ বাহরাইনি দিনার (প্রায় ৩৪ হাজার ১২৫ টাকা)।

একই সাথে বাড়বে বিদেশি কর্মীদের জন্য নিয়োগকর্তাদের পরিশোধ করতে হয় এমন মাসিক ফি। কোনো প্রতিষ্ঠানের প্রথম পাঁচজন বিদেশি কর্মীর প্রত্যেকের জন্য মাসিক ফি সাড়ে ৭ দিনার (প্রায় ২ হাজার ৪৩৮ টাকা) থেকে বেড়ে ১০ দিনার (প্রায় ৩ হাজার ২৫০ টাকা) হবে।

পাঁচজনের বেশি বিদেশি কর্মী থাকলে ষষ্ঠ কর্মী থেকে প্রত্যেকের জন্য মাসিক ফি সাড়ে ১২ দিনার (প্রায় ৪ হাজার ৬৩ টাকা) থেকে বেড়ে ১৫ দিনার (প্রায় ৪ হাজার ৮৭৫ টাকা) হবে।

ওয়ার্ক পারমিটের পাশাপাশি বিদেশি কর্মীদের বার্ষিক স্বাস্থ্যসেবা ফিও বাড়বে। বর্তমানে এই ফি ৯০ দিনার (প্রায় ২৯ হাজার ২৫০ টাকা)। আগামী বছর তা বেড়ে হবে ১০৮ দিনার (প্রায় ৩৫ হাজার ১০০ টাকা)।

সে হিসাবে একজন বিদেশি কর্মীর এক বছরের ওয়ার্ক পারমিট ও স্বাস্থ্যসেবা ফি এখন ১৯৫ দিনার (প্রায় ৬৩ হাজার ৩৭৫ টাকা)। আগামী বছর তা বেড়ে হবে ২১৯ দিনার (প্রায় ৭১ হাজার ১৭৫ টাকা)। এর বাইরে প্রশাসনিক ও মাসিক ফি রয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ ও ২০২৯ সালেও এসব ফি বাড়ানো হবে। ২০২৯ সালে ওয়ার্ক পারমিটের বার্ষিক মূল ফি বেড়ে দাঁড়াবে ১২৫ দিনারে (প্রায় ৪০ হাজার ৬২৫ টাকা)। একই সময়ে প্রত্যেক বিদেশি কর্মীর জন্য মাসিক ফি হবে ৩০ দিনার (প্রায় ৯ হাজার ৭৫০ টাকা)।

তবে প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওয়ার্ক পারমিটের বর্ধিত ফি পরিশোধের দায়িত্ব নিয়োগকর্তার। সরকারি সিদ্ধান্তে কর্মীদের বেতন থেকে এই বাড়তি অর্থ কেটে নেয়ার কোনো নির্দেশনা দেয়া হয়নি। কোনো নিয়োগকর্তা কর্মীর কাছে ওয়ার্ক পারমিটের ফি দাবি করলে বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এলএমআরএ) সাথে যোগাযোগ করে বিষয়টি যাচাই করা যাবে।

এদিকে বাহরাইনে প্রবাসী শ্রমিকদের আবাসন ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। অতিরিক্ত মানুষের বসবাস এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে শ্রমিকদের আবাসন নিয়ে নতুন আইন প্রণয়নের প্রস্তাব অনুমোদন করেছেন দেশটির সংসদ সদস্যরা। 

তাদের অভিযোগ, মানামার কিছু এলাকার বাসাবাড়িতে ১০০ জনেরও বেশি শ্রমিক বসবাস করছেন। দুই থেকে তিনজনের থাকার উপযোগী কক্ষে ১৫ জনের বেশি মানুষ থাকছেন। এমনকি একটি বিছানা তিনটি আলাদা শিফটে ভাড়া দেয়ার ঘটনাও সামনে এসেছে। 

প্রস্তাবিত আইনে শ্রমিকদের আবাসনের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ, বাড়িওয়ালাদের নিবন্ধন এবং স্বাস্থ্য ও নিরাপত্তার নিয়ম মানা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। আইন লঙ্ঘন করলে ৫০০ থেকে ৫ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা, কারাদণ্ড অথবা উভয় শাস্তির বিধান রাখার প্রস্তাব রয়েছে। নতুন আইন কার্যকর হলে প্রবাসী কর্মীদের নিরাপদ বাসস্থান ও অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার সুযোগ বাড়তে পারে। 

এসব পরিবর্তনের ফলে খরচ বাড়বে নাগরিক ও প্রবাসীদের। তবে সরকার বলছে, সেবার মান আরো উন্নত হবে দেশটিতে। আর দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, বাহরাইনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতির কারণে বাড়তি এসব খরচের চাপ কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Logo