মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ নভেম্বর ২০২৬
আমিরাতি দিরহামের বিপরীতে এশীয় মুদ্রার দরপতন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২২:৫৪
সৌদি আরব
সৌদিতে দোকানে দোকানে প্রায় ১৪ হাজার অভিযান
সৌদি আরবে নভেম্বর মাসে দেশজুড়ে ১৩ হাজার ৯৫৪টি পরিদর্শন অভিযান চালিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বাজার, শপিংমল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়। মূল লক্ষ্য ছিল, পণ্যের মূল্যছাড় ও বিশেষ অফারের নামে ক্রেতাদের সঙ্গে প্রতারণা হচ্ছে কি না, তা যাচাই করা। পরিদর্শনে দোকানগুলোর ছাড়ের অনুমতিপত্র, বিজ্ঞাপনে দেওয়া মূল্যছাড়ের হার এবং আগের ও বর্তমান দাম ঠিকভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া পণ্য ফেরত ও বিনিময়ের নিয়মও স্পষ্টভাবে জানানো হচ্ছে কি না, সেটিও যাচাই করেছে কর্তৃপক্ষ। ক্রেতাদের ছাড়ের অনুমতিপত্রে থাকা বারকোড স্ক্যান করে অফারের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। সৌদিতে কেনাকাটার সময় ভুয়া ছাড় ও অতিরিক্ত দাম নেওয়ার ঝুঁকি কমাতে এই অভিযান গুরুত্বপূর্ণ। যার সুবিধা পেতে পারেন প্রবাসীরাও।
বাহরাইন
বাহরাইনে ফর্সা হওয়ার ক্রিম নিয়ে সতর্কবার্তা, ক্ষতির ঝুঁকি
বাহরাইনে রং ফর্সাকারী ক্রিম ব্যবহারে কিডনির মারাত্মক ক্ষতির ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। ভারতের কেরালার ১৭ বছর বয়সী এক কিশোরী প্রায় এক বছর এমন ক্রিম ব্যবহারের পর গুরুতর কিডনি সমস্যায় আক্রান্ত হয়। পরীক্ষায় তার ব্যবহৃত ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ পাওয়া যায়। কেরালার অ্যাস্টার এমআইএমএস হাসপাতালের চিকিৎসকরা কিডনি রোগে আক্রান্ত কয়েকজন রোগীর মধ্যে অনিয়ন্ত্রিত ফর্সাকারী ক্রিম ব্যবহারের যোগসূত্র খুঁজে পান। তাঁদের গবেষণা আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী Kidney International-এ প্রকাশিত হয়েছে। বাহরাইনের সংবাদমাধ্যম News of Bahrain-এ প্রকাশিত এক নিবন্ধে অনলাইনে বিক্রি হওয়া প্রসাধনীসহ আমদানি করা পণ্যের ওপর নজরদারি বাড়াতে দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।বাহরাইনে বসবাসরত প্রবাসীদেরও অজানা উৎসের ফর্সাকারী ক্রিম কেনা ও ব্যবহার নিয়ে ভাবতে হবে। এসব পণ্যে থাকা পারদ কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।
কুয়েত
কুয়েতে চুরি অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কুয়েতে এক ডেলিভারি কর্মীর ২০০ দিনার চুরির ঘটনায় এক পুলিশ কর্মকর্তার দুই বছরের কারাদণ্ড বহাল রেখেছেন দেশটির আপিল আদালত। আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা একজন ডেলিভারি কর্মীর কাছ থেকে ২০০ কুয়েতি দিনার চুরি করেন। ঘটনাটি তদন্ত করে ফাহাহিল অপরাধ তদন্ত বিভাগ। তদন্তে ওই কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের আগের অপরাধের তথ্যও পাওয়া যায়। তারপর ভুক্তভোগী ডেলিভারি ড্রাইভার অভিযোগ তুলে নেয় এবং অভিযুক্ত কর্মকর্তা চুরি করা দিনার ফেরত দেন। তারপরও আপিল আদালত পুলিশ কর্তার দুই বছরের কারাদণ্ড বহাল রাখেন। কুয়েতে কর্মরত প্রবাসী ডেলিভারি কর্মীদের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার বিষয়টি এই ঘটনায় সামনে এসেছে। কোনো ব্যক্তি বা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে, প্রমাণসহ দিলে তার প্রতিকার মিলতে পারে দেশটিতে।
আরব আমিরাত
আমিরাতি দিরহামের বিপরীতে এশীয় মুদ্রার দরপতন
আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য মুদ্রাবাজারে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারতীয় রুপি, পাকিস্তানি রুপি ও ফিলিপাইনের পেসোর দরপতনের কারণে দিরহাম দিয়ে দেশে টাকা পাঠালে আগের তুলনায় বেশি মূল্য পাওয়া যাচ্ছে। গালফ নিউজের ২৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, প্রতি দিরহামে পাওয়া যাচ্ছে প্রায় ২৫ দশমিক ১৯ ভারতীয় রুপি, ৭৫ দশমিক ৬ পাকিস্তানি রুপি। প্রতিবেদনে বলা হয়েছে, এসব মুদ্রার বিনিময় হার সাম্প্রতিক সময়ে কয়েক বছরের মধ্যে দুর্বল অবস্থানে রয়েছে। ফলে আমিরাত থেকে অর্থ পাঠানো প্রবাসীদের পরিবার তুলনামূলক বেশি স্থানীয় মুদ্রা পাচ্ছে। তবে বিনিময় হার প্রতিদিন পরিবর্তিত হয় এবং লেনদেনের ফি অনুযায়ী প্রাপ্ত অর্থেও পার্থক্য হতে পারে। আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্যও বিনিময় হারের পরিবর্তন গুরুত্বপূর্ণ। তাই দেশে টাকা পাঠানোর আগে লাইভ রেট ও ট্রান্সফার ফি যাচাই করা জরুরি।
logo-1-1740906910.png)