Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ নভেম্বর ২০২৬

সৌদিতে দোকানে দোকানে প্রায় ১৪ হাজার অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২১:০৭

সৌদিতে দোকানে দোকানে প্রায় ১৪ হাজার অভিযান

সৌদি আরব

জেদ্দায় হুথিদের ড্রোন ধ্বংস করল সৌদি জোট!

সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র জেদ্দা ইসলামিক বন্দরের আশপাশে হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে ইয়েমেনে কাজ করা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ২৫ নভেম্বর রাতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, ড্রোনটি জেদ্দা ইসলামিক বন্দরের কাছাকাছি এলাকায় শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক মানুষ আহত হননি। জেদ্দা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র। ফলে এই এলাকায় এমন ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কারন সৌদিতে বসবাসকারী প্রবাসীদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশেষ করে জেদ্দা ও আশপাশের এলাকায় কর্মরতদের যেকোনো নিরাপত্তা সতর্কতা গুরুত্বের সঙ্গে অনুসরণ করা উচিত।

সংযুক্ত আরব আমিরাত 

দুবাইয়ে এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন

আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বাজারের প্রভাবে আবারো ঘুরে দাঁড়িয়েছে সোনার দাম। খালিজ টাইমসের ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ দশমিক ২৫ দিরহামে। আগের দিন এই দাম ছিল ৪২৬ দিরহাম। অর্থাত, সোনার দাম প্রতি গ্রামে ৭ দশমিক ২৫ দিরহাম বেড়েছে। এ ছাড়া ২২ ক্যারেট সোনার দাম হয়েছে প্রতি গ্রাম ৪০১ দশমিক ২৫ দিরহাম। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সুদের হার বাড়ার আশঙ্কা সোনার বাজারে প্রভাব ফেলছে। তবে আন্তর্জাতিক বাজারের ওঠানামার কারণে সামনে সোনার দামে আবারও পরিবর্তন আসতে পারে। তাই গয়না কেনা বা বিনিয়োগের আগে প্রতিদিনের দর এবং মজুরি যাচাই করলে, আর্থিক নিতে সুবিধা হতে পারে।

সৌদি আরব

সৌদিতে দোকানে দোকানে প্রায় ১৪ হাজার অভিযান

সৌদি আরবে নভেম্বর মাসে দেশজুড়ে ১৩ হাজার ৯৫৪টি পরিদর্শন অভিযান চালিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বাজার, শপিংমল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়। মূল লক্ষ্য ছিল, পণ্যের মূল্যছাড় ও বিশেষ অফারের নামে ক্রেতাদের সঙ্গে প্রতারণা হচ্ছে কি না, তা যাচাই করা। পরিদর্শনে দোকানগুলোর ছাড়ের অনুমতিপত্র, বিজ্ঞাপনে দেওয়া মূল্যছাড়ের হার এবং আগের ও বর্তমান দাম ঠিকভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া পণ্য ফেরত ও বিনিময়ের নিয়মও স্পষ্টভাবে জানানো হচ্ছে কি না, সেটিও যাচাই করেছে কর্তৃপক্ষ। ক্রেতাদের ছাড়ের অনুমতিপত্রে থাকা বারকোড স্ক্যান করে অফারের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। সৌদিতে কেনাকাটার সময় ভুয়া ছাড় ও অতিরিক্ত দাম নেওয়ার ঝুঁকি কমাতে এই অভিযান গুরুত্বপূর্ণ। যার সুবিধা পেতে পারেন প্রবাসীরাও। 

বাহরাইন

বাহরাইনে ই-বাইক চালানো নিয়ে উদ্বেগ

বাহরাইনে অপ্রাপ্তবয়স্কদের অনিয়ন্ত্রিত ইলেকট্রিক বাইক ও মোটরসাইকেল চালানো নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশটির রিফা ভিউস আবাসিক এলাকার মালিক সমিতি ১৭ নভেম্বর এক সতর্কবার্তায় জানিয়েছে, অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া বাইক চালানোর কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে। সমিতি জানিয়েছে, আবাসিক এলাকায় ১৬ বছরের কম বয়সীদের ইলেকট্রিক বাইক চালানো নিষিদ্ধ। নিয়ম ভাঙায় কয়েকটি ঘটনায় জরিমানা এবং নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে অভিযোগও করা হয়েছে।বাহরাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে এ উদ্বেগের মধ্যে অভিভাবকদের সন্তানদের চলাচলের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। বাহরাইনে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর অভিভাবকদের সন্তানদের ই-বাইক ব্যবহারের বয়সসীমা ও নিরাপত্তাবিধি মেনে চলা জরুরি। নিয়ম অমান্য করলে আইনি জটিলতায় পড়তে পারেন।

কুয়েত

কুয়েতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে বড় অভিযান! 

কুয়েতের খাইতান এলাকায় টানা দুই দিনের বিশেষ অভিযানে ১ হাজার ৩৪০টি মামলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় পৌরসভা, ফায়ার সার্ভিস, বাণিজ্য মন্ত্রণালয়সহ একাধিক সরকারি সংস্থা। অভিযানে সরকারি জমি দখল, ভবনের নির্ধারিত সীমানার বাইরে অবৈধ সম্প্রসারণ, রাস্তা দখল এবং স্বাস্থ্যবিধি না মানার মতো অনিয়ম শনাক্ত করা হয়। এমনকি কয়েকটি রেস্তোরাঁ ও ক্যাফের বিরুদ্ধেও সরকারি জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু খাইতান নয়, পর্যায়ক্রমে কুয়েতের সব গভর্নরেটেই এ ধরনের অভিযান চালানো হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। কুয়েতে যেসব প্রবাসী রেস্তোরাঁ, ক্যাফে ও ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করেন, তাদের জন্য নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা জরুরি। পাশাপাশি কর্মক্ষেত্রে স্বাস্থ্য, নিরাপত্তা ও শ্রম আইন মেনে চলা হচ্ছে কি না, সে বিষয়েও সচেতন থাকতে হবে।

Logo