Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ নভেম্বর ২০২৬

ওমানে হোটেলে প্রবাসীদের কাজের সুযোগ বাড়ল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২২:১১

ওমানে হোটেলে প্রবাসীদের কাজের সুযোগ বাড়ল

সৌদি আরব

সৌদিতে ৭ ড্রোন ভূপাতিত, রিয়াদে হামলায় আহত ১১

সৌদির রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে ড্রোন হামলার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। হামলায় বহুতল ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মূল কার্যালয় রয়েছে। এসব হামলার জন্য সৌদি আরব হুতিদের দায়ী করেছে। এদিকে, ২৫ ডিসেম্বর সৌদি আরবের নানান প্রদেশে একের পর এক ড্রোন হামলার চেষ্টা চলছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা এলাকায় সাতটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। রাস তানুরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি ও তেল অবকাঠামো সমৃদ্ধ এলাকা। এসব হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দেয়া হয়েছে সৌদির পক্ষ থেকে। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে এ ধরনের হামলা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দেশটিতে অবস্থানরত লাখো প্রবাসীর মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত ২৬

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত হয়েছেন আরো অন্তত ২৬ জন। মঙ্গলবার ভোরে আল ওয়াতান রোডে যাত্রীবাহী একটি বাসের সাথে রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে চালকসহ মোট ৪১ জন ছিলেন। হতাহতদের মধ্যে ভারতীয়রা রয়েছেন বলে খবর দিয়েছে দেশটির নানা গণমাধ্যম। হতাহতদের বেশির ভাগই ওমান থেকে ভিসা পরিবর্তনের প্রক্রিয়া শেষ করে আমিরাতে ফিরছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি। নতুন ভিজিট ভিসা পাওয়ার পর অনেকেই নতুন করে চাকরি ও কর্মসংস্থানের আশায় আমিরাতে ফিরছিলেন। দুর্ঘটনায় প্রথমে ১১ জন নিহত হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়। দুই সপ্তাহ আগে ফুজাইরায় আরেক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক সময়ে দুটি সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হলো আরব আমিরাতে। 


বাহরাইন

বাহরাইনে শ্রমিক আবাসনে নতুন আইনের উদ্যোগ

বাহরাইনে প্রবাসী শ্রমিকদের আবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। অতিরিক্ত মানুষের বসবাস এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে শ্রমিকদের আবাসন নিয়ে নতুন আইন প্রণয়নের প্রস্তাব অনুমোদন করেছেন দেশটির সংসদ সদস্যরা। তারা অভিযোগ করেছেন, মানামার কিছু এলাকার বাসাবাড়িতে ১০০ জনেরও বেশি শ্রমিক বসবাস করছেন। দুই থেকে তিনজনের থাকার উপযোগী কক্ষে ১৫ জনের বেশি মানুষ থাকছেন। এমনকি একটি বিছানা তিনটি আলাদা শিফটে ভাড়া দেয়ার ঘটনাও সামনে এসেছে। প্রস্তাবিত আইনে শ্রমিকদের আবাসনের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ, বাড়িওয়ালাদের নিবন্ধন এবং স্বাস্থ্য ও নিরাপত্তার নিয়ম মানা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। আইন লঙ্ঘন করলে ৫০০ থেকে ৫ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা, কারাদণ্ড অথবা উভয় শাস্তির বিধান রাখার প্রস্তাব রয়েছে। নতুন আইন কার্যকর হলে প্রবাসী কর্মীদের নিরাপদ বাসস্থান ও অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার সুযোগ বাড়তে পারে। 


কুয়েত

কুয়েতে অভিযানে তিন বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন বাংলাদেশিসহ চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তি পাকিস্তানের নাগরিক। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুটি আলাদা মাদকসংক্রান্ত ঘটনায় তাদের আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে গাঁজা ও নানান মাদকের বড়ি রয়েছে। এছাড়া মাদক ওজন করার জন্য ব্যবহৃত তিনটি বিশেষ ডিজিটাল পাল্লাও উদ্ধার করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক পাচার ও এর বিস্তার রোধে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়েছে। কুয়েত প্রবাসীদের জন্য এই খবর গুরুত্বপূর্ণ কারন মাদকসংক্রান্ত অপরাধে জড়ালে বিদেশে গ্রেপ্তার, কারাদণ্ড ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকে। ফলে মাদক থেকে দূরে থাকতে হবে প্রবাসীদের।


ওমান

ওমানে হোটেলে প্রবাসীদের কাজের সুযোগ বাড়ল

ওমানে হোটেল-মোটেল খাতে কর্মরত প্রবাসীদের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। হোটেলের রিসেপশনে রাতের শিফটে প্রবাসী কর্মীদের নিয়োগের বিশেষ ছাড়ের মেয়াদ আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে হোটেলগুলোতে প্রবাসী রিসেপশনিস্টরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কাজ করতে পারবেন। তবে এই সুবিধা সব হোটেলের জন্য সমান নয়। যেসব হোটেলে এক থেকে তিনজন ওমানি রিসেপশনিস্ট রয়েছেন, তারা একজন প্রবাসী কর্মীকে রাতের শিফটে নিয়োগের অনুমতি পেতে পারেন। চার থেকে ছয়জন ওমানি কর্মী থাকলে অনুমতি মিলতে পারে দুজনের। আর সাতজন বা তার বেশি থাকলে সর্বোচ্চ তিনজন প্রবাসীকে মনোনয়ন দেয়া যাবে। শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনে এই ছাড় প্রযোজ্য হবে না। যদিও এই অনুমোদনের জন্য হোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। 

Logo