কুয়েতে তাঁবুর ভেতর অবৈধ কসাইখানা, বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৯:৪৮
কুয়েতে তাঁবুর ভেতর অবৈধ কসাইখানা পরিচালনার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২৪ নভেম্বর আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের কাবদ এলাকায় একটি তাঁবুর ভেতর কোনো ধরনের লাইসেন্স ছাড়াই পশু জবাই ও মাংস বিক্রি করছিলেন ওই বাংলাদেশি। জায়গাটিতে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধির প্রয়োজনীয় ব্যবস্থাও ছিল না। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের জাহরা গভর্নরেট শাখার কাবদ তদন্ত কার্যালয় গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি চালিয়ে ওই বাংলাদেশিকে আটক করে। এ সময় বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে, এমন কিছু নগদ টাকাও উদ্ধার করা হয়।
তদন্তে আরো জানা গেছে, ওই ব্যক্তি কুয়েতের আবাসন আইনও লঙ্ঘন করছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে গত ২৫ অক্টোবর জাহরার বার রাহিয়া এলাকায় দুটি অবৈধ কসাইখানা পরিচালনার অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল কুয়েতের নিরাপত্তা বাহিনী। ওই দুটি স্থাপনায় প্রয়োজনীয় অনুমোদন ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাই করা হতো বলে অভিযোগ রয়েছে।
logo-1-1740906910.png)