আমিরাতে শ্রমবাজারের পুরস্কার পেলেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৯:২৭
কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতা, নিষ্ঠা ও একাগ্রতার স্বীকৃতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ‘লেবার মার্কেট ট্যালেন্টস’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আবদুল শহীদ ওরফে ওয়াহিদ মিয়া। তিনি সিলেটের একজন প্রবাসী বাংলাদেশি।
১৯ নভেম্বর আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্টের ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্টের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ পুরস্কার ছিল লেবার মার্কেট অ্যাওয়ার্ডের চতুর্থ আয়োজন।
মাত্র ৭০০ দিরহাম বেতনে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মজীবন শুরু করেন ওয়াহিদ মিয়া। আর আজ সফল উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেলেন ৫০ হাজার দিরহাম ও ২৪ ক্যারেট সোনার কয়েন। ওয়াহিদ মিয়া আবুধাবিভিত্তিক ‘ম্যাগ ইভেন্ট ম্যানেজমেন্ট’ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার এ অর্জন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের।
জানা যায়, প্রায় ২১ বছর আগে বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান ওয়াহিদ মিয়া। মাত্র ৭০০ দিরহাম মাসিক বেতনে ইলেকট্রিশিয়ান হিসেবে তার প্রবাসজীবনের কর্মযাত্রা শুরু হয়। সীমিত সামর্থ্য, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন তিনি। একসময় চাকরিজীবী থেকে হয়ে ওঠেন সফল উদ্যোক্তা। বর্তমানে তার প্রতিষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৩০ জন কর্মী কাজ করছেন।
ইউএই মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত লেবার মার্কেট অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য হলো বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর সফল উদ্যোগ ও অবদানকে স্বীকৃতি দেয়া, দক্ষ ও সফল উদ্যোক্তা এবং কর্মীদের সম্মানিত করা এবং দেশের শ্রমবাজারে ইতিবাচক ও অনুসরণযোগ্য চর্চাগুলোকে উৎসাহিত করা।
ওয়াহিদ মিয়ার এ অর্জন শুধু একজন ব্যক্তির সাফল্য নয়, বরং প্রবাসে বাংলাদেশিদের সম্ভাবনা, দক্ষতা, মেধা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র ৭০০ দিরহাম বেতনে কর্মজীবন শুরু করে আজ আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি অর্জনের এ গল্প প্রমাণ করে, সঠিক লক্ষ্য, সততা, ধৈর্য ও নিরলস পরিশ্রম থাকলে প্রবাসের মাটিতেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। তার এ সম্মাননা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য নিঃসন্দেহে আনন্দ ও গৌরবের।
logo-1-1740906910.png)