মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ নভেম্বর ২০২৬
ওমানে ছুটিতে কাজ করলে পাবেন বাড়তি বেতন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২১:৩৭
সৌদি আরব
ভুয়া সিক লিভ ঠেকাতে সৌদিতে কঠোর ব্যবস্থা
সৌদি আরবে সিক লিভ নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৪ নভেম্বর প্রকাশিত সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে ১ হাজার ৮১৭টি পরিদর্শন চালিয়ে ১ লাখ ১৬ হাজার ১৩১টি মেডিকেল ছুটির সনদ যাচাইয়ের আওতায় আনা হয়েছে। তদন্তে দেখা গেছে, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকেই ৭০ হাজার ৭৫৩টি এবং একজন চিকিৎসকের মাধ্যমে ৯ হাজার ৫৮৪টি ছুটির সনদ দেয়া হয়েছে। এমনকি একজন চিকিৎসক একদিনেই ২৫৯টি সিক লিভ সনদ ইস্যু করেছেন। এছাড়া ৪৬ হাজার ২৭৯টি সনদ নিয়ম না মানা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বলে শনাক্ত হয়েছে। অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট অনুমোদন স্থগিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সৌদি আরবে কর্মরত প্রবাসীদের অসুস্থতার ছুটি নিতে অবশ্যই বৈধ চিকিৎসকের কাছ থেকে সনদ সংগ্রহ করতে হবে। ভুয়া বা অননুমোদিত মেডিকেল সার্টিফিকেট ব্যবহার করলে চাকরি ও আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে।
বাহরাইন
বাহরাইনে ১ লাখ ৮৮ হাজার দিনার আত্মসাৎ
বাহরাইনে একটি রেস্টুরেন্টের ১ লাখ ৮৮ হাজার ৪৭১ দিনার আত্মসাতের দায়ে এক এশীয় ম্যানেজারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আত্মসাৎ করা অর্থ ফেরত দেয়ার নির্দেশ এবং কারাভোগ শেষে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। নিউজ অব বাহরাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যানেজার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে বিভিন্ন সময়ে টাকা তুলে, বিদেশে অর্থ পাঠিয়ে এবং কোম্পানির ব্যাংক কার্ড ব্যবহার করে ব্যক্তিগত কেনাকাটার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। চার মাসের হিসাব পরীক্ষা করতে গিয়ে রেস্টুরেন্ট মালিক অর্থের বড় ধরনের ঘাটতি দেখতে পান। পরে তদন্তে পুরো বিষয়টি সামনে আসে। এমনকি প্রতিষ্ঠানের ভ্যাট জরিমানা এবং কর্মীদের বেতন বকেয়া থাকার বিষয়ও উঠে আসে। তবে এশিয়ান এই ম্যানেজার কোন দেশে সেটি জানায়নি পুলিশ। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হলো, প্রবাসে চাকরি করার সময় প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও সততা বজায় রাখা জরুরি।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বাইক ভাড়া ও ক্যাম্প বুকিংয়ের নামে প্রতারণা
আমিরাতে অনলাইনে মোটরসাইকেল ভাড়া, কেনাবেচা এবং মরুভূমির ক্যাম্প বুকিংয়ের নামে প্রতারণা বেড়ে যাওয়ায় সতর্কবার্তা দিয়েছে আবুধাবি পুলিশ। শীত মৌসুমে ঘুরতে যাওয়ার আগ্রহকে কাজে লাগিয়ে প্রতারকরা সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিচ্ছে। কম দামে মোটরসাইকেল ভাড়া কিংবা মরুভূমির ক্যাম্প বুকিংয়ের প্রলোভন দেখিয়ে আগাম টাকা হাতিয়ে নিচ্ছে তারা। কিছু প্রতারক দেখতে আসল মনে হয় এমন ভুয়া ওয়েবসাইট ও বুকিং লিংকও ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং ভেরিফিকেশন কোড হাতিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। আবুধাবি পুলিশ জানিয়েছে, কোনো লেনদেনের আগে প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে হবে। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কারন পরিবার নিয়ে ঘুরতে যাওয়া কিংবা বিনোদনের বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।
কুয়েত
কুয়েতে ডিজেল চুরি, ১৩ জন আটক
কুয়েতে বিভিন্ন কোম্পানির ট্রাক থেকে ডিজেল চুরি করে অবৈধভাবে বিক্রির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। অভিযুক্তরা কোম্পানির মালিকদের অজান্তে ট্রাক থেকে ডিজেল চুরি করে প্রতি লিটার ৮০ থেকে ১৫০ ফিলসে বিক্রি করছিলেন। এ ঘটনায় অভিযান চালিয়ে জ্বালানি পরিবহনের ট্যাংকার, পয়ঃনিষ্কাশনের গাড়ি, ট্রাক্টর, ডাম্প ট্রাকসহ মোট ১৪টি যানবাহন জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে জব্দ করা ট্রাকগুলো সংশ্লিষ্ট কোম্পানির মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুরি ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। কুয়েতে পরিবহন, নির্মাণ ও জ্বালানি খাতে কর্মরত প্রবাসীদের জন্য এ খবরটি গুরুত্বপূর্ণ। কর্মস্থলের সম্পদ চুরি বা অবৈধ লেনদেনে জড়ালে কঠোর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে।
ওমান
ওমানে ছুটিতে কাজ করলে পাবেন বাড়তি বেতন
ওমানে সরকারি ছুটির দিনে কাজ করলেও কর্মীরা পাবেন বাড়তি বেতন অথবা ক্ষতিপূরণ হিসেবে একদিন ছুটি। দেশটির শ্রমিকদের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি আবারো সামনে এনেছে জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স। দ্য অ্যারাবিয়ান স্টোরিজের ২৩ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ওমানের শ্রম আইন অনুযায়ী সরকারি ছুটির দিনে কাজ করালে কর্মীকে স্বাভাবিক দৈনিক মজুরির পাশাপাশি মূল দৈনিক বেতনের সমপরিমাণ অতিরিক্ত অর্থ দিতে হবে। বিকল্প হিসেবে প্রতিটি ছুটির দিনের জন্য একদিন ক্ষতিপূরণমূলক ছুটিও দেয়া যাবে। তবে ছুটির দিনে কাজ করানোর আগে নিয়োগকর্তাকে কর্মীর সম্মতি নিতে হবে। আইন স্বীকৃত সরকারি ছুটিতে কর্মীরা পূর্ণ বেতন পাওয়ার অধিকারী। বেসরকারি প্রতিষ্ঠানে কাজের প্রয়োজন হলে আগেই লিখিত নোটিশ দেয়ার বিধানও রয়েছে।
logo-1-1740906910.png)