মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ নভেম্বর ২০২৬
সৌদির আর্থিক খাতে ৫০ শতাংশ সৌদিকরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২০:৫৫
সৌদি আরব
সৌদির আর্থিক খাতে ৫০ শতাংশ সৌদিকরণ
সৌদি আরবের বেসরকারি খাতের ১৭টি আর্থিক পেশায় ৫০ শতাংশ সৌদিকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। ২০২৭ সালের ২৩ মে থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং সৌদি অর্গানাইজেশন ফর চার্টার্ড অ্যান্ড প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস যৌথভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট, ক্রেডিট ম্যানেজার, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, ফাইন্যান্সিয়াল স্পেশালিস্টসহ মোট ১৭টি পেশা এই তালিকায় রয়েছে। যেসব প্রতিষ্ঠানে এসব পেশায় অন্তত দুজন কর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য হবে। প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতির জন্য ছয় মাসের সময় দেওয়া হয়েছে। সৌদি নাগরিকদের নিয়োগ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ধরে রাখতে সরকার বিভিন্ন সহায়তাও দেবে। নতুন সিদ্ধান্তের ফলে এসব পেশায় কর্মরত বিদেশি কর্মীদের চাকরির প্রতিযোগিতা বাড়তে পারে।
বাহরাইন
বাহরাইনে পুরোনো পণ্যের বাজারে বাড়ছে নজরদারি
বাহরাইনে পুরোনো পণ্য কেনাবেচার বাজারে অনিয়ম ঠেকাতে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। বিশেষ করে ইসা টাউনের জনপ্রিয় বাজারে অনুমতি ছাড়া রাস্তার পাশে পুরোনো আসবাব, বৈদ্যুতিক যন্ত্রপাতি, পোশাক ও খেলনা বিক্রির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব দোকানের কারণে ফুটপাত ও রাস্তা চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। দেশটিতে পুরোনো পণ্য বিক্রির জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। এ ধরনের ব্যবসার জন্য কমপক্ষে ৫০ বর্গমিটারের দোকান, পৌরসভার অনুমোদন এবং নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা বাধ্যতামূলক। দোকানের বাইরে পণ্য রাখা বা বিক্রির জন্যও অনুমতি প্রয়োজন। নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদনহীন ব্যবসায়ীদের প্রথমে সতর্ক করা হতে পারে। নিয়ম ভাঙা অব্যাহত থাকলে লাইসেন্স স্থগিত বা বাতিলের ব্যবস্থাও রয়েছে। কর্তৃপক্ষের লক্ষ্য, ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা।
দুবাই
দুবাইয়ে স্বর্ণের দাম বাড়লেও বাজারে অনিশ্চয়তা
দুবাইয়ে কয়েক দিনের দরপতনের পর ২৩ নভেম্বর সোমবার স্বর্ণের দাম আবার বেড়েছে। সকালে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ৮ দিরহাম ২৫ ফিলস বেড়ে দাঁড়িয়েছে ৪৩৪ দিরহাম ৭৫ ফিলসে। ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৪০২ দিরহাম ৫০ ফিলস। এর আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। গত সপ্তাহের শেষে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৫২৫ ডলারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদের হার, মূল্যস্ফীতি ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আগামী ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বৈঠকও বাজারে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে দাম আরও কমতে পারে। তাই নতুন বিনিয়োগকারীদের একবারে বেশি স্বর্ণ না কিনে ধাপে ধাপে কেনার পরামর্শ দেয়া হচ্ছে।
কুয়েত
কুয়েতে মাদকসহ চার এশীয় প্রবাসী গ্রেপ্তার
কুয়েতে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে চার এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ২২ নভেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। অভিযানে বিভিন্ন ধরনের মাদক, হাশিশ জব্দ করা হয়েছে। এছাড়া মাদক ওজন করার তিনটি ডিজিটাল যন্ত্রও উদ্ধার করা হয়। একটি ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নেপালি নাগরিককে নজরদারির পর মাদক কেনাবেচার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসা থেকে আরেক সহযোগীকেও আটক করা হয়। তদন্তে ওই ব্যক্তি মাদক বিক্রি ও সরবরাহকারী একটি চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। গ্রেপ্তার চারজনকে জব্দ করা মাদকসহ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতে মাদক কেনাবেচার শাস্তি মারাত্মক। ফলে প্রবাসী বাংলাদেশিদের এসব কাজ থেকে দূরে থাকা উচিত।
ওমান
ওমানে স্বর্ণ চুরি, দুই নারী গ্রেপ্তার
ওমানের আল সিব এলাকায় একটি গহনার দোকান থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। ২৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ওমান অবজারভার জানায়, দোকানের কর্মচারীর মনোযোগ অন্যদিকে সরিয়ে রেখে, কয়েকটি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ওই দুই নারীর বিরুদ্ধে। দেশটির অপরাধ তদন্ত বিভাগের মহাপরিচালকের অধীন কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। তবে চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ বা আর্থিক মূল্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। আর নারীরা কোন দেশের সেটিও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অপরিচিত ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শও দেয়া হয় ব্যবসায়ীদের।
logo-1-1740906910.png)