বেতন নিয়ে অনিয়ম:
কুয়েতে নিয়োগকর্তাদের ওপর নজরদারি বাড়ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২০:৪১
কর্মীদের বেতন পরিশোধে স্বচ্ছতা নিশ্চিত করতে কুয়েতে নিয়োগকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নজরদারি জোরদার করা হচ্ছে। শ্রমিকদের প্রাপ্য বেতন নির্ধারিত পদ্ধতিতে তাদের নিজস্ব ব্যাংক হিসাবে জমা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সতর্কতা দিয়েছে দেশটির জনশক্তি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের এ অবস্থানের ফলে বেতন পরিশোধে অনিয়ম করা প্রতিষ্ঠানগুলো নতুন করে চাপে পড়তে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে কর্মীদের বেতন আটকে রাখা, বিলম্বে দেয়া কিংবা ব্যাংকিং ব্যবস্থার বাইরে পরিশোধের প্রবণতা রয়েছে, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষ (পিএএম) জানিয়েছে, শ্রমিকদের বেতন তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর নিশ্চিত করা নিয়োগকর্তাদের দায়িত্ব। এ ব্যবস্থার মাধ্যমে কর্মীদের আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি বেতনসংক্রান্ত বিরোধ ও অনিয়ম শনাক্ত করাও সহজ হবে।
কর্তৃপক্ষের মতে, শ্রমিকের বেতন কেবল একটি আর্থিক লেনদেন নয়; এটি তার আইনগত অধিকার। তাই এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা নিয়ম লঙ্ঘন বরদাশত করা হবে না। নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হতে পারে।
কুয়েতে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, নিয়মিত ও নির্ধারিত সময়ে বেতন পাওয়া তাদের জীবনযাত্রা, পরিবারে অর্থ পাঠানো এবং আর্থিক নিরাপত্তার সাথে সরাসরি জড়িত।
সংশ্লিষ্টদের মতে, বেতন পরিশোধের নিয়ম কার্যকরভাবে বাস্তবায়িত হলে কর্মীদের পাওনা আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং নিয়োগকর্তাদের জবাবদিহিও নিশ্চিত হবে।
সূত্র: সময় নিউজ
logo-1-1740906910.png)