Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ নভেম্বর ২০২৬

আমিরাতে আরো কমে স্বর্ণের দাম ১৩ মাসে সর্বনিম্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ২১:২৫

আমিরাতে আরো কমে স্বর্ণের দাম ১৩ মাসে সর্বনিম্ন

সৌদি আরব

সৌদিতে ইটের ভেতর ২৩ লাখ মাদকের বড়ি

সৌদি আরবে ইটের ভেতর লুকিয়ে পাচারের সময় মাদকের একটি বড় চালান আটকে দিয়েছে দেশটির কাস্টমস। দুবা বন্দরে ছয়টি আলাদা চালানে ২৩ লাখ ৫ হাজারেরও বেশি মাদকের বড়ি জব্দ করা হয়েছে। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, ছয়টি ট্রাকে করে এসব মাদক সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। তবে কাস্টমসের নিয়মিত তল্লাশি, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি এবং প্রশিক্ষিত কুকুরের সহায়তায় চালানগুলো শনাক্ত করা হয়। মাদকের এই চালানের পেছনের হোতাকেও আটক করা হয়েছে। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয় নি। সৌদি সরকার জানিয়েছে, দেশটিতে মাদকসংক্রান্ত অপরাধে শাস্তি অত্যন্ত কঠোর। তাই অপরিচিত কারও দেওয়া প্যাকেট বা মালামাল বহন করা থেকে বিরত থাকুন।নিজের লাগেজ ও মালামালের দায়িত্ব নিজেই নিন। সামান্য অসতর্কতাও বড় আইনি বিপদের কারণ হতে পারে।

বাহরাইন

বাহরাইনে প্রবাসীদের সার্টিফিকেট যাচাই, বাড়বে নজরদারি 

বাহরাইনে প্রবাসী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত সনদ যাচাইয়ে আরো কঠোর নিয়ম চালুর প্রস্তাব দিয়েছেন দেশটির কয়েকজন সংসদ সদস্য। নিউজ অব বাহরাইনের প্রতিবেদন অনুযায়ী, ভুয়া শিক্ষাগত সনদ ও জাল ট্রেড সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পাওয়ার প্রবণতা ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, শ্রম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা এলএমআরএ-এর সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি একটি কেন্দ্রীয় ডেটাবেজের মাধ্যমে বিদেশি কর্মীদের সনদ যাচাইয়ের পরিকল্পনাও রয়েছে। সংসদের সার্ভিসেস কমিটি প্রস্তাবটিতে সর্বসম্মত সমর্থন দিয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত আইন নয়। আগামী সংসদীয় অধিবেশনে এ বিষয়ে আলোচনা ও ভোট হওয়ার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে আরো কমে স্বর্ণের দাম ১৩ মাসে সর্বনিম্ন

আমিরাতে স্বর্ণের বাজারে আবারো বড় দরপতন হয়েছে। মাত্র একদিনে প্রতি গ্রাম স্বর্ণের দাম কমেছে ১৯ দিরহাম। এতে গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে দুবাইয়ের স্বর্ণের দাম। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৪৪৪ দশমিক ২৫ দিরহাম থেকে কমে দাঁড়িয়েছে ৪২৫ দশমিক ২৫ দিরহামে। অন্যদিকে, ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে হয়েছে ৩৯৩ দশমিক ৭৫ দিরহাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়াই এই দরপতনের অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত এবং প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনও স্বর্ণের বাজারে প্রভাব ফেলেছে। তবে বাজার পরিস্থিতি যে কোন সময় পরিবর্তিত হতে পারে। তাই স্বর্ণ কেনার আগে বর্তমান দর যাচাই করে নেয়া জরুরি প্রবাসীদের। 

কুয়েত

কুয়েতে অভিযানে ইকামা লঙ্ঘনে আটক প্রবাসীরা

কুয়েতের রাজধানী গভর্নরেট এলাকায় বিশেষ নিরাপত্তা অভিযানে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৫৮ জনকে আটক করা হয়েছে। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা ও পলাতক হিসেবে খোঁজা হচ্ছিল এমন ৪৫ জনকেও আটক করেছে কর্তৃপক্ষ। ১৯ নভেম্বরে চালানো অভিযানে, অভিযানে মাদক রাখার অভিযোগে সাতজন, ফৌজদারি অপরাধে ছয়জন এবং গ্রেফতারি পরোয়ানায় আরো সাতজনকে আটক করা হয়। এ সময় ২৭টি দোকানকে বন্ধের সতর্কতা দেয়া এবং ৩১টি পরিত্যক্ত গাড়ি সরানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ওমান

ওমানের জাতীয় দিবসে ৩৪৪ বন্দিকে ক্ষমা

ওমানের ৫৬তম জাতীয় দিবস উপলক্ষে ৩৪৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। বন্দিদের পরিবারের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে এই ক্ষমা ঘোষণা করা হয়েছে। ওমানের জাতীয় দিবস উপলক্ষে ওমানে চার দিনের ছুটি ঘোষণা করা হয়। আগামী ২৫ ও ২৬ নভেম্বর সরকারি ছুটি থাকবে। এর সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৮ নভেম্বর পর্যন্ত ছুটি চলবে। ২৯ নভেম্বর থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। প্রতিবছর ২০ নভেম্বর ওমানে জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর জাতীয় দিবস উপলক্ষে রঙিন সাজে সেজেছে মাস্কাট। দেশটির জাতীয় দিবস উদযাপন করছেন নাগরিক ও প্রবাসীরা। 

Logo