সৌদি আরবের বেসরকারি খাতের স্পোর্টস সেন্টার ও জিমে ১২টি পেশায় ১৫ শতাংশ সৌদিকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
১৮ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট পেশায় চার বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোকে অন্তত ১৫ শতাংশ পদে সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে।
তালিকায় রয়েছেন স্পোর্টস কোচ, ফিটনেস ট্রেইনার, ব্যক্তিগত প্রশিক্ষক, সাঁতার ও ফুটবল প্রশিক্ষকসহ ১২ ধরনের পেশাজীবী। নিয়ম বাস্তবায়নে দেশজুড়ে পরিদর্শন শুরু করেছে কর্তৃপক্ষ। এই নিয়ম অমান্য করলে প্রতিষ্ঠানকে জরিমানাসহ আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে। ফলে এসব পেশায় কর্মরত প্রবাসীদের চাকরির সুযোগে প্রতিযোগিতা বাড়তে পারে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটির শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবালখালিল বলেছিলেন, ঘড়ি, চশমা, হাসপাতাল সামগ্রী, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিদ্যুৎ–চালিত সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, আবাসন উপকরণ, কার্পেট, গাড়ি ও মোটরসাইকেল, গৃহ ও অফিস আসবাব, বাচ্চাদের কাপড়, পুরুষদের আনুষঙ্গিক জিনিস, গৃহস্থলীর তৈজসপত্র ও কনফেকশনারির দোকানে প্রবাসীরা কাজ করতে পারবেন না। এ ধরনের কাজ সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে।
সৌদিকরণের ধারাবাহিকতায় এই ১২ রকমের দোকানে কেবল সৌদি নাগরিকেরাই কাজ করতে পারবেন। এই নিয়মের ব্যত্যয় হলে ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওই মুখপাত্র।
logo-1-1740906910.png)