মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ নভেম্বর
আমিরাতে ছুটিতে কাজ করলে প্রবাসীরা পাবেন সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০০:২৯
সৌদি আরব
সৌদি আরবে ১২ পেশায় সৌদিকরণ কার্যকর
সৌদি আরবের বেসরকারি খাতের স্পোর্টস সেন্টার ও জিমে ১২টি পেশায় ১৫ শতাংশ সৌদিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। ১৮ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট পেশায় চার বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোকে অন্তত ১৫ শতাংশ পদে সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে। তালিকায় রয়েছেন স্পোর্টস কোচ, ফিটনেস ট্রেইনার, ব্যক্তিগত প্রশিক্ষক, সাঁতার ও ফুটবল প্রশিক্ষকসহ ১২ ধরনের পেশাজীবী। নিয়ম বাস্তবায়নে দেশজুড়ে পরিদর্শন শুরু করেছে কর্তৃপক্ষ। অমান্য করলে প্রতিষ্ঠানকে জরিমানাসহ আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে। ফলে এসব পেশায় কর্মরত প্রবাসীদের চাকরির সুযোগে প্রতিযোগিতা বাড়তে পারে।
বাহরাইন
বাহরাইনে নৌযানে পরতে হবে লাইফ জ্যাকেট
বাহরাইনে নৌকায় সমুদ্রে যাতায়াতকারীদের সব সময় লাইফ জ্যাকেট পরার আহ্বান জানিয়েছে পুলিশ। হিদ্দ পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ড. ওসামা বাহার বলেন, লাইফ জ্যাকেট পরতে লজ্জার কিছু নেই; বরং এটি নিজের নিরাপত্তার প্রতি দায়িত্বশীলতার পরিচয়। বিশেষ করে সমুদ্রে নৌবিহার ও মাছ ধরতে যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রবাসীদেরও সমুদ্রে যাওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কেননা সমুদ্র পথে যে কোন ধরনের দুর্ঘটনায় লাইফ জ্যাকেটের কারণে প্রাণ বেঁচে যেতে পারে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ছুটিতে কাজ করলে প্রবাসীরা পাবেন সুবিধা
আরব আমিরাতে ২০২৬ সালের জাতীয় দিবস উপলক্ষে ২ ও ৩ ডিসেম্বর বেসরকারি খাতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটির দিনেও যেসব কর্মীকে দায়িত্ব পালন করতে হবে, তাঁদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। দেশটির শ্রম আইন অনুযায়ী, নিয়োগকর্তাকে হয় বিকল্প ছুটি দিতে হবে, নয়তো ওই দিনের স্বাভাবিক মজুরির পাশাপাশি মূল দৈনিক বেতনের অন্তত ৫০ শতাংশ অতিরিক্ত দিতে হবে। নিয়মিত শিফটে দায়িত্ব পড়লেও এই সুবিধা প্রযোজ্য। প্রবাসীদের ছুটির দিনে কাজের আগে নিয়োগকর্তার কাছ থেকে সুবিধা পাবার বিষয়টি জেনে নিতে পারে প্রবাসী বাংলাদেশিরা।
কুয়েত
কুয়েতে ২৪ নভেম্বর থেকে বাড়বে ঠান্ডা
কুয়েতে শীতের আগমনী বার্তা দিয়েছে দেশটির আল-ওজাইরি বৈজ্ঞানিক কেন্দ্র। কেন্দ্রটির ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে আল-জুবানা নক্ষত্রপর্ব। এই সময়কে কুয়েতের শীত মৌসুমের শুরুর একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই পর্ব চলবে ১৩ দিন, অর্থাৎ ৬ ডিসেম্বর পর্যন্ত। এ সময় রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। দিনের বেলা আবহাওয়া তুলনামূলক সহনীয় থাকলেও রাতের দিকে বাড়বে ঠান্ডা। পাশাপাশি উত্তরের দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর শুরু হবে আল-ইকলিল পর্ব, যা কুয়েতের ৪০ দিনের মূল শীতকালীন সময়ের সূচনা করবে। তাই বাসিন্দাদের আগেভাগেই শীতের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের ঠান্ডা থেকে সুরক্ষায় সতর্ক থাকা জরুরি।
logo-1-1740906910.png)