Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ নভেম্বর ২০২৬

সৌদিতে চাকরি পরিবর্তনে নতুন শর্ত জানাল কিওয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২০:৪৫

সৌদিতে চাকরি পরিবর্তনে নতুন শর্ত জানাল কিওয়া

সৌদি আরব

সৌদিতে চাকরি পরিবর্তনে নতুন শর্ত জানাল কিওয়া

সৌদি আরবে প্রবাসী কর্মীদের চাকরি বা নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ শর্তের কথা জানিয়েছে দেশটির কিওয়া প্ল্যাটফর্ম। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, চাকরি পরিবর্তনের জন্য কর্মীর বৈধ ইকামা থাকতে হবে। শুধু বর্ডার নম্বর দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। পাশাপাশি কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে এবং চূড়ান্ত এক্সিট ভিসা কার্যকর থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হবে। চাকরি পরিবর্তনের আবেদন এবং নতুন চুক্তি অনুমোদনে কর্মীর সম্মতিও বাধ্যতামূলক। এছাড়া পেশার নাম পরিবর্তনের ক্ষেত্রে নিয়োগকর্তাকে চুক্তি সংশোধনের আবেদন করতে হবে। কর্মীকে ১০ দিনের মধ্যে সেটি অনুমোদন করতে হবে। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কারন চাকরি পরিবর্তনের আগে ইকামা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাই করা জরুরি। নিজের সম্মতি ছাড়া চুক্তি পরিবর্তন হচ্ছে কিনা, সেটিও খেয়াল রাখতে হবে।


বাহরাইন

বাহরাইনে দুইজনের যাবজ্জীবন বহাল 

বাহরাইনে ইরানের সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দণ্ডিত দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন দেশটির আপিলের সর্বোচ্চ আদালত, ক্যাসেশন কোর্ট। গালফ ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক দুটি মামলায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাথে সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে একজন নারী, যার জাতীয়তা প্রকাশ করা হয়নি। আদালতের তথ্য অনুযায়ী, বাহরাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সহযোগিতার অভিযোগে তাদের সাজা দেয়া হয়েছিল। পরবর্তী বিচারিক প্রক্রিয়া শেষে সেই যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। ঘটনাটি বাহরাইনের জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদবিরোধী কঠোর অবস্থানের বিষয়টি আবারো সামনে এনেছে। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ বাহরাইনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। সন্দেহজনক কর্মকাণ্ড বা নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ততা থেকে দূরে থাকতে হবে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে স্বর্ণের দাম কমলো আরেক দফা 

দুবাইয়ের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। বুধবার (১৮ নভেম্বর) সকালে স্বর্ণের দাম নেমে এসেছে ২০২৬ সালের সর্বনিম্ন পর্যায়ে। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৮ দিরহাম কমে দাঁড়িয়েছে ৪৫৬ দিরহাম ২৫ ফিলসে। অন্যদিকে ২২ ক্যারেট ৪২২ দিরহাম ৫০ ফিলস, ২১ ক্যারেট ৪০৫ দিরহাম ২৫ ফিলস এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ৩৪৭ দিরহাম ২৫ ফিলস। আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানির দামজনিত মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে। তবে বাজার পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কারন যারা দেশে স্বর্ণ পাঠাতে বা উপহার কিনতে চান, তাদের জন্য দাম কমার খবরটি গুরুত্বপূর্ণ। তবে স্বর্ণ কেনার আগে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় দোকানের দাম যাচাই করা উচিত।


ওমান

ওমানের জাতীয় দিবস উদযাপনে আইন ভাঙলে শাস্তি

ওমানে জাতীয় দিবস উদযাপনকে ঘিরে নাগরিক, প্রবাসী এবং ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। টাইমস অব ওমানের প্রতিবেদন অনুযায়ী, উৎসব উদযাপনের সময় গাড়ির জানালা দিয়ে শরীর বের করা, গাড়ির ছাদ খোলা, বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং রাস্তায় গাড়ি নিয়ে প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া উচ্চ শব্দে মাইক ব্যবহার, রং ছিটানো এবং জনশৃঙ্খলা পরিপন্থি আচরণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। অন্যদিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় দিবস উপলক্ষে প্রচারণা ও পণ্যে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। সুলতানের প্রতীক, প্রাসাদের ছবি কিংবা মসজিদের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কিছু রাষ্ট্রীয় প্রতীক ব্যবহারের জন্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। নিয়ম অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

Logo