Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

চারদিকে যুদ্ধের চাপ, একা হয়ে পড়ছে সৌদি আরব!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:০০

চারদিকে যুদ্ধের চাপ, একা হয়ে পড়ছে সৌদি আরব!

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

চারদিকে যুদ্ধের চাপে কি একা হয়ে পড়ছে সৌদি আরব? সৌদি- হুতি সংকট কি আরো জটিল হয়ে যাচ্ছে? কতদিন চলতে পারে হুতি-সৌদি সংঘাত? কী বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা?  

বাহরাইন আর কুয়েত, সাথে সৌদি আরব; টানা তিন দিন হামলার মুখে উপসাগরীয় অঞ্চলের এসব দেশ। বুধবার (১৮ নভেম্বর) ইরানের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি। বাহরাইনে একাধিক হামলা প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর আগেও কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারও (১৯ নভেম্বর) নতুন করে সতর্ক অবস্থানে রয়েছে উপসাগরীয় দেশগুলো। 

কেন আবার হামলা? এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন উত্তেজনা। ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলার জবাব দিতে তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর এবং কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি থাকায় দেশ দুটি এখন সরাসরি ঝুঁকির মুখে। অর্থাৎ, ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাত ছড়িয়ে পড়ছে পুরো উপসাগরীয় অঞ্চলে।

কিন্তু সৌদি আরবের সংকট আরো জটিল। একদিকে ইরানের সাথে আঞ্চলিক সংঘাত, অন্যদিকে ইয়েমেনের হুতিদের ক্রমবর্ধমান সামরিক শক্তির আগ্রাসন। ফলে বোঝা যাচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না।

কথা ছিল, কঠিন সময়ে পাশে থাকবে আমেরিকা। কিন্তু হুতিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর সৌদি অনুরোধে সাড়া দিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সেপ্টেম্বরে এমবিএসের অনুরোধও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ফলে ওয়াশিংটনের ওপর সৌদি নির্ভরতা এখন বড় প্রশ্নের মুখে। 

আর যুদ্ধ চললে ক্ষতির ধাক্কা লাগে অর্থনীতিতে, সৌদির বেলাতেও তার ব্যতিক্রম হয়নি। যুদ্ধের ধাক্কায় সৌদি আরবের তেল রপ্তানি প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। ২০২৬ সালে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.৫ থেকে ৩.২ শতাংশে নেমেছে। পর্যটক আগমনও প্রথম প্রান্তিকে ১৩ শতাংশ কমেছে। বিনিয়োগ ও মেগা প্রকল্পে কাটছাঁট হলে নির্মাণ, পরিবহন, হোটেলসহ বিভিন্ন খাতে প্রবাসীদের চাকরি, বেতন ও নতুন নিয়োগ ঝুঁকিতে পড়তে পারে। সেটাও বড় দুশ্চিন্তা।

তুরস্ক ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার উদ্যোগ থাকলেও ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকর সামরিক সহায়তার নিশ্চয়তা নেই। কূটনৈতিক সমঝোতা আর যুদ্ধের ময়দানে পাশে দাঁড়ানো যে এক বিষয় নয়, রিয়াদ এখন সেটিই বুঝতে পারছে।

এর মধ্যে হুতিদের অগ্রযাত্রা থামানো যাচ্ছে না। বাব আল-মান্দেব প্রণালির আশপাশ থেকে সৌদি-সমর্থিত বাহিনী পিছু হটেছে। গুরুত্বপূর্ণ শহর এডেনের দিকেও এগোচ্ছে হুতিরা। তায়েজ শহরও অবরুদ্ধ। সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে দেখা দিয়েছে নেতৃত্ব ও সমন্বয়ের সংকট।

সবচেয়ে উদ্বেগের খবর, সৌদি আরব এখন ইয়েমেনে আরো ছয় মাস পর্যন্ত যুদ্ধ চালানোর প্রস্তুতি নিচ্ছে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রিয়াদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকিতে পড়েছে।

প্রশ্ন হচ্ছে, যে যুদ্ধ থামাতে পারেনি সৌদি নেতৃত্বাধীন জোট, সেই যুদ্ধে আরো ছয় মাস লড়াই করে কী অর্জন করবে রিয়াদ? নাকি মধ্যপ্রাচ্যের এই সংঘাত সৌদির আঞ্চলিক নেতৃত্বের স্বপ্নকেই বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে?

Logo