মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ নভেম্বর ২০২৬
মক্কার ক্লক টাওয়ার করল দুই বিশ্বরেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২২:০৯
সৌদি আরব
মক্কার ক্লক টাওয়ার করল দুই বিশ্বরেকর্ড
মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার অর্জন করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি বিশ্বরেকর্ড। এর মধ্যে একটি হলো বিশ্বের কোনো ভবনের ভেতরে অবস্থিত সর্বোচ্চ জাদুঘর এবং অন্যটি বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক। ক্লক টাওয়ারের জাদুঘরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। আর পর্যবেক্ষণ ডেকটির উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার। মক্কা নগরী ও পবিত্র কাবা শরিফের আশপাশের বিস্তৃত দৃশ্য দেখার সুযোগ রয়েছে এই পর্যবেক্ষণ ডেক থেকে। সৌদি আরবের রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটস এই অর্জনের কথা জানিয়েছে। তাদের মতে, মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্যকে আধুনিক পর্যটন অবকাঠামোর সাথে যুক্ত করার প্রচেষ্টার অংশ এই অর্জন। এতে হজযাত্রী, ওমরাহ পালনকারী ও পর্যটকদের জন্য মক্কার আকর্ষণ আরো বাড়বে।
বাহরাইন
১০ শতাংশ বাড়তি ভাতার প্রস্তাব পাস বাহরাইনে
বাহরাইনে রাতের শিফটে কর্মরত এবং অন-কল বা জরুরি প্রয়োজনে কর্মস্থলে উপস্থিত থাকতে হয় এমন কর্মীদের জন্য মূল বেতনের অন্তত ১০ শতাংশ অতিরিক্ত ভাতা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সংসদ। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে অনুমোদিত প্রস্তাবটি এখন সরকারের কাছে পাঠানো হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে আইনের খসড়া তৈরির কথা রয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে রাতে পালা করে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও বাড়তি আর্থিক সুবিধা পেতে পারেন। সংসদ সদস্যদের যুক্তি, রাতের শিফটে কাজের কারণে কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি পারিবারিক ও সামাজিক জীবনেও প্রভাব পড়ে। তবে প্রস্তাবটি নিয়ে শ্রম মন্ত্রণালয় ও ব্যবসায়ী সংগঠনের আপত্তি রয়েছে। তাদের মতে, এতে ছোট প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে আসছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি
সংযুক্ত আরব আমিরাতে ৫৫তম জাতীয় দিবস বা ঈদুল ইতিহাদ উপলক্ষে সরকারি কর্মীদের জন্য তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২, ৩ ও ৪ ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সরকারি দপ্তরগুলো বন্ধ থাকবে। এরপর ৫ ও ৬ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি মিলিয়ে কর্মীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। ৭ ডিসেম্বর সোমবার থেকে সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। সাধারণত ২ ও ৩ ডিসেম্বর জাতীয় দিবসের ছুটি থাকে। এবার ৪ ডিসেম্বরও ছুটির অন্তর্ভুক্ত করায় দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। আমিরাতের সাতটি রাজ্য একীভূত হওয়ার ৫৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনও থাকবে। এই ছুটিতে প্রবাসীরা পরিবার নিয়ে ভ্রমণ, বিনোদন ও অবকাশ যাপনের পরিকল্পনা করতে পারবেন। তবে এই ঘোষণা সরকারি খাতের কর্মীদের জন্য; বেসরকারি খাতের ছুটির ঘোষণা আলাদা হতে পারে।
কুয়েত
কুয়েতের রাষ্ট্রীয় প্রতীক ব্যবহারে কঠোর সতর্কতা
কুয়েতের আমির ও ক্রাউন প্রিন্সের ছবি এবং রাষ্ট্রীয় প্রতীক বাণিজ্যিক কাজে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, পণ্য, প্রকাশনা কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারে এসব ছবি ও প্রতীক ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ। এমনকি অসম্মানজনকভাবে ব্যবহার করলেও আইনি ব্যবস্থা নেয়া হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং ব্যক্তিপর্যায়ে এ নির্দেশনা মানতে হবে। নিয়ম লঙ্ঘন হচ্ছে কি না, তা দেখতে দেশটির বিভিন্ন গভর্নরেটে নিয়মিত পরিদর্শন অভিযান চালানো হচ্ছে। অভিযানে আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওমান
ওমানে জনসমাগমে মুখ ঢাকলে সাজা
ওমানে জনসমাগমস্থলে মুখোশ, মাস্ক বা অন্য কোনো উপায়ে নিজের পরিচয় গোপন করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে সতর্ক করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। ১৮ নভেম্বর জাতীয় দিবস উদযাপনের আগে দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, জনসমক্ষে মুখমণ্ডল বা পরিচয় আড়াল করা দেশটির আইনের লঙ্ঘন। এ অপরাধে এক মাস থেকে এক বছর পর্যন্ত জেল হতে পারে। জাতীয় দিবস উদযাপনের সময় সবাইকে আইন মেনে শালীন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে ওমান কর্তৃপক্ষ। বিশেষ করে উৎসব, জনসমাগম ও রাস্তায় চলাচলের সময় পরিচয় গোপন করে, এমন কোনো আচরণ না করার পরামর্শ দেয়া হয়েছে। ওমানে বসবাসরত প্রবাসীদেরও এ আইন সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)