মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ নভেম্বর ২০২৬
অন্যের কাছে কর্মী ভাড়া দিলেই জেল-জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৫
সৌদি আরব
অন্যের কাছে কর্মী ভাড়া দিলেই জেল-জরিমানা
সৌদি আরবে কর্মীদের আইনবহির্ভূতভাবে অন্য প্রতিষ্ঠানে কাজ করতে দেয়া কিংবা নিজের মতো করে অন্যের অধীনে কাজ করার সুযোগ করে দেয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো ব্যক্তিগত নিয়োগকর্তা তার অধীনে থাকা কর্মীকে অন্য কারো কাছে কাজ করতে দিলে অথবা নিজের হিসাবে কাজ করার সুযোগ দিলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। একই সাথে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ বছর পর্যন্ত নতুন কর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞাও দেয়া হতে পারে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আবাসন, শ্রম ও সীমান্তসংক্রান্ত আইন মেনে চলা সবার দায়িত্ব। ফলে সৌদিতে শুধু কর্মী নয়, যেসব নিয়োগকর্তা নিয়ম ভাঙবেন, তারাও বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন।
বাহরাইন
পলাতক কর্মীদের ব্যাংকিং ও চিকিৎসা সেবা বন্ধের প্রস্তাব
বাহরাইনে পলাতক বা অবৈধভাবে বসবাসকারী কর্মীদের শনাক্ত করতে আরো কঠোর ব্যবস্থা নেয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির এক সংসদ সদস্য। সংসদ সদস্য খালিদ বু আনাক এ বিষয়ে জরুরি ভিত্তিতে একটি প্রস্তাব জমা দিয়েছেন। প্রস্তাবে বলা হয়েছে, যেসব বিদেশি কর্মী আবাসন বা ভিসার নিয়ম ভেঙে দেশটিতে অবস্থান করছেন, তাদের ব্যাংকিং সেবা, অপ্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং কিছু অন্যান্য সেবা বন্ধ করার ব্যবস্থা করা যেতে পারে। শুধু তাই নয়, ব্যাংক, হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানকে এমন ব্যক্তিদের বিষয়ে কর্তৃপক্ষকে তথ্য দেয়ার দায়িত্ব দেয়ার কথাও বলা হয়েছে। তবে প্রস্তাবে জরুরি চিকিৎসাসেবা বন্ধ না করার কথা বলা হয়েছে। আইনে স্বীকৃত মৌলিক অধিকারও অক্ষুণ্ন রাখার কথা উল্লেখ রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত আইন বা কার্যকর সিদ্ধান্ত নয়। সংসদে আলোচনা ও অনুমোদনের বিষয় রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আগামী বছর আমিরাতের কর্মীরা পাচ্ছেন বড় সুখবর
সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালে বেসরকারি খাতের কর্মীদের বেতন গড়ে ২ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মী নিয়োগে সতর্ক অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানগুলো। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের ১ হাজার ৯১টির বেশি প্রতিষ্ঠানের ওপর জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ৮৮ শতাংশ প্রতিষ্ঠান বেতন বাড়ানো অথবা বর্তমান বেতন ধরে রাখার পরিকল্পনা করছে। অন্যদিকে, ৪২ শতাংশ প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ করতে চায়, যা আগের বছরের তুলনায় কম। আর ২৬ শতাংশ প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। প্রযুক্তি, টেলিযোগাযোগ, ভারী শিল্প ও উৎপাদন খাতে বেতন বৃদ্ধির সম্ভাবনা বেশি। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ কর্মীদের চাহিদা বাড়তে পারে। ফলে আমিরাতে কর্মরত বাংলাদেশিদের বেতন বাড়ার সম্ভাবনা থাকলেও নতুন চাকরিপ্রার্থীদের জন্য দক্ষতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
কুয়েত
কুয়েতে বিপুল পরিমাণ পচা সামুদ্রিক খাবার জব্দ
কুয়েতে মানুষের খাওয়ার অনুপযোগী ৯৪০ কেজি মাছ ও সামুদ্রিক খাবার জব্দ করেছে দেশটির খাদ্য ও পুষ্টি কর্তৃপক্ষ। ১৬ নভেম্বর রাজধানী গভর্নরেটের একটি বিশেষ অভিযানে এসব খাবার জব্দ করা হয়। পরিদর্শকরা পরীক্ষা করে মাছের রং, বাহ্যিক অবস্থা ও গন্ধে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান। পরে সেগুলো মানুষের খাওয়ার অনুপযোগী বলে নিশ্চিত করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা সব খাবার ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে, যাতে সেগুলো বাজারে পৌঁছাতে না পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি করা খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলছে। কুয়েতে বসবাসরত প্রবাসীদেরও মাছ ও সামুদ্রিক খাবার কেনার সময় সতেজতা, গন্ধ এবং সংরক্ষণের অবস্থা যাচাই করার পরামর্শ দেয়া হচ্ছে।
ওমান
ওমানে পরিদর্শন কার্যক্রমে বডি-ওর্ন ক্যামেরা চালু
ওমানে মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে কর্মকর্তাদের জন্য বডি-ওর্ন ক্যামেরা চালু করা হয়েছে। দেশটির সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কোম্পানির পরিদর্শন বিভাগের কর্মকর্তারা বিভিন্ন অভিযান ও পরিদর্শনের সময় এসব ক্যামেরা ব্যবহার করছেন। এর মাধ্যমে পরিদর্শন কার্যক্রমের অডিও ও ভিডিও রেকর্ড সংরক্ষণ করা হবে। কর্তৃপক্ষের মতে, কোনো পরিদর্শনের সময় অনিয়ম, ভুল বোঝাবুঝি কিংবা অভিযোগ উঠলে এসব রেকর্ড পর্যালোচনা করা যাবে। এতে কর্মকর্তা ও সাধারণ মানুষের অধিকার সুরক্ষার পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারত্ব বাড়বে। পরিদর্শন বিভাগের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদ বিন মোহাম্মদ আল হাজরি জানিয়েছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার পরিদর্শন কার্যক্রমের মান উন্নত করবে। ওমানে কর্মরত প্রবাসীদের জন্যও উদ্যোগটি গুরুত্বপূর্ণ। কারণ কর্মস্থলে পরিদর্শনের সময় কোনো হয়রানি বা অনিয়মের অভিযোগ উঠলে রেকর্ড করা ভিডিও ও অডিও প্রমাণ হিসেবে কাজে আসতে পারে।
logo-1-1740906910.png)