Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইরান ঘিরে যুদ্ধের নতুন প্রস্তুতি, সংঘাত কি এবার অর্থনীতিতে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:৫৮

ইরান ঘিরে যুদ্ধের নতুন প্রস্তুতি, সংঘাত কি এবার অর্থনীতিতে?

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

মধ্যপ্রাচ্যে কি আবারো বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি চলছে? মূলত বাহরাইন এবং সৌদির আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝনঝনানি নতুন করে যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে তুলেছে। এবার শুধু ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা নয়, সরাসরি দেশটির অর্থনীতিও হামলার লক্ষ্য হতে যাচ্ছে!

কিন্তু কেন যুদ্ধের আশঙ্কার কথা বলা হচ্ছে? মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা সামরিক অচলাবস্থা এবং স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে অগ্রগতি না হওয়ায় এই সামরিক পরিকল্পনা করা হচ্ছে। তবে এ ধরনের হামলা ইরানকে কোনো ধরনের ছাড় দিতে বাধ্য করবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

প্রতিবেদনে আরো বলা হয়, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামো এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা। এর আগে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় জ্বালানি কেন্দ্র, পারমাণবিক স্থাপনা এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা রয়েছে।

এদিকে নতুন করে হামলা চালানোর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিও বিবেচনায় নিতে হবে ওয়াশিংটন ও তেল আবিবকে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুত কমে আসার বিষয়টি তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের ওপর কয়েক মাস ধরে অর্থনৈতিক চাপ বাড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ, বিমান পরিবহন ব্যাহত করতে নিষেধাজ্ঞা এবং স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য সীমিত করার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন হামলার পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত সামরিক স্থাপনার গণ্ডি ছাড়িয়ে দেশটির অর্থনৈতিক অবকাঠামোতেও ছড়িয়ে পড়তে পারে।

তাহলে ইরান কি এবার আমেরিকার হামলার অপেক্ষায় থাকবে? তেহরানের বক্তব্য, যুক্তরাষ্ট্র আগে আঘাত হানবে, তারপর ইরান জবাব দেবে— এমন পরিস্থিতির জন্য তারা অপেক্ষা করবে না। ১৫ নভেম্বর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনাকে নতুন সামরিক অভিযানের প্রস্তুতির সময় হিসেবে ব্যবহার করতে পারে। তার অভিযোগ, গত দেড় বছরে ওয়াশিংটন অন্তত তিনবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তাহলে আমেরিকা এখন কী করছে? মধ্যপ্রাচ্যে আমেরিকা তাদের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট পাঠিয়ে দিয়েছে। আগে থেকেই সেখানে রয়েছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন। অর্থাৎ, তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের পাশাপাশি ২০টির বেশি মার্কিন নৌযান এই অঞ্চলে মোতায়েন রয়েছে। ইরানের বন্দর অবরোধ কার্যকর রাখা এবং সামুদ্রিক চলাচলের ওপর নজরদারি জোরদার করাই এই শক্তি বৃদ্ধির অন্যতম উদ্দেশ্য।

কিন্তু ইরান পাল্টা আঘাত হানলে কী হবে? ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ এবং মিত্রদের স্থাপনা ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষার ইন্টারসেপ্টর মজুত কমে যাওয়ার খবর নতুন উদ্বেগ তৈরি করেছে।

অন্যদিকে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে তাদের পারমাণবিক স্থাপনায় প্রবেশের অনুমতি দিতেও অনীহা প্রকাশ করছে।

তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সামরিক শক্তি বৃদ্ধি, অর্থনৈতিক স্থাপনায় হামলার পরিকল্পনা এবং ইরানের আগাম পাল্টা আঘাতের হুঁশিয়ারি; সব মিলিয়ে কূটনীতির জায়গা সংকুচিত হচ্ছে। সংঘাত ছড়িয়ে পড়লে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ, তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং লাখ লাখ প্রবাসীর নিরাপত্তাও নতুন ঝুঁকিতে পড়তে পারে।

Logo