Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ নভেম্বর ২০২৬

সৌদি আরবে এক সপ্তাহে বহিষ্কার ১১ হাজার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২১:৫০

সৌদি আরবে এক সপ্তাহে বহিষ্কার ১১ হাজার

সৌদি আরব

সৌদি আরবে এক সপ্তাহে বহিষ্কার ১১ হাজার 

সৌদি আরবে নানা অভিযোগে আটক ১১ হাজার ৪১৮ জনকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে গত এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন লঙ্ঘনকারী আর ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী। এদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানানো হয়নি। কাগজপত্র সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। বর্তমানে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। সৌদিতে এমন অভিযান নিয়মিতই ঘটে চলেছে, ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। তাদের বৈধ কাজের আকামা, কাজের অনুমতি এবং নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ করার বিষয়টি নিশ্চিত করা জরুরি।


বাহরাইন

বাহরাইনে গুরুতর ট্রাফিক অপরাধে বহিষ্কার হতে পারেন প্রবাসী চালক

বাহরাইনে গুরুতর ট্রাফিক আইন ভঙ্গ করলে বিদেশি চালকদের আদালতের আদেশ ছাড়াই দেশে ফেরত পাঠানোর ক্ষমতা রয়েছে দেশটির কর্তৃপক্ষের। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদ সদস্যদের জানিয়েছে, জনস্বার্থ ও জননিরাপত্তার জন্য ক্ষতিকর বিবেচিত হলে বিদেশিদের বহিষ্কার করা যায়। এ ক্ষেত্রে আদালতের পৃথক আদেশ প্রয়োজন নেই। এদিকে সংসদ সদস্য ইমান শুয়াইতার গুরুতর ট্রাফিক অপরাধে জড়িত বিদেশি চালকদের সাজা শেষে বহিষ্কার এবং পুনরায় বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছেন। সংসদের সংশ্লিষ্ট কমিটিও প্রস্তাবটি অনুমোদন করেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বিদ্যমান আইনেই প্রশাসন ও আদালতের বহিষ্কারের ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে আদালত অপরাধের গুরুত্ব বিবেচনায় বিদেশি নাগরিককে স্থায়ীভাবে অথবা অন্তত তিন বছরের জন্য বহিষ্কারের আদেশ দিতে পারেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্ব হলো বাহরাইনে বসবাসরত বাংলাদেশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানো জরুরি। গুরুতর অপরাধের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি দেশ থেকে বহিষ্কারের ঝুঁকিও থাকতে পারে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে আবারো বাতিল হচ্ছে ফ্লাইট

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা বেড়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন পরিচালনাগত সমস্যার কারণে একাধিক বিমান সংস্থা তাদের ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এনেছে। ১৫ নভেম্বর প্রকাশিত গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এমিরেটস, ইতিহাদ, ফ্লাইদুবাই এবং এয়ার অ্যারাবিয়ার বিভিন্ন ফ্লাইটে পরিবর্তন এসেছে। বিশেষ করে সৌদি আরবগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি থেকে দাম্মাম ও রিয়াদগামী সব যাত্রী ও কার্গো ফ্লাইট ১৯ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে। অন্যদিকে, ফ্লাইদুবাই ও এয়ার অ্যারাবিয়ার বেশ কয়েকটি রুটেও বাতিলের খবর রয়েছে। এয়ার অ্যারাবিয়া আবুধাবি থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে আবুধাবিগামী ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে। এছাড়া শারজাহ থেকে ঢাকা ও চট্টগ্রামগামী এয়ার অ্যারাবিয়ার কয়েকটি ফ্লাইটও বাতিল হয়েছে। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশে যাতায়াতের পরিকল্পনা করা প্রবাসীদের টিকিটের ফ্লাইট নম্বর ও সময়সূচি আগে যাচাই করা জরুরি।


কুয়েত

কুয়েতে কেয়ারটেকারদের নিয়ে নিরাপত্তা সতর্কতা জারি

কুয়েতে ভবনের নিরাপত্তাকর্মী বা কেয়ারটেকারদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। দায়িত্বে থাকা ভবনে কোনো ধরনের সন্দেহজনক বা অবৈধ কর্মকাণ্ড চললে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। অন্যথায় প্রশাসনিকভাবে বহিষ্কারের মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা। আরব টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাকর্মীদের দায়িত্ব শুধু ভবন পাহারা দেয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের দায়িত্বে থাকা ভবনে জুয়া, অবৈধ জমায়েত কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের দায়িত্বে অবহেলা করলে বহিষ্কারের পাশাপাশি কুয়েতে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আসতে পারে। এদিকে প্রতিবেদনে আরো বলা হয়েছে, কুয়েতের জেলিব আল শুয়ুখ এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ১৪ জন এশীয় প্রবাসীকে আটক করা হয়েছে। তাদের বহিষ্কারের প্রক্রিয়া চলছে। 

Logo