Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদী আরবে গৃহকর্মী পাঠাবে কেনিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪৩

সৌদী আরবে গৃহকর্মী পাঠাবে কেনিয়া

সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে আরো স্বচ্ছতা আনতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব ও কেনিয়া। এ লক্ষ্যে দুই দেশ একটি নতুন কারিগরি চুক্তি (Technical Annex) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করা, অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষায় গুরুত্ব দেয়া হয়েছে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের শ্রমবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ নাসের আবুথনাইন এবং কেনিয়ার শ্রম ও সামাজিক সুরক্ষাবিষয়ক মন্ত্রিপরিষদ সচিব আলফ্রেড এনগাঙ্গা মুতুয়া ১২ নভেম্বর নতুন এই সংযোজনীতে স্বাক্ষর করেন। এর আগে গত ৫ জুলাই দুই দেশের মধ্যে গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত মূল দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদে স্বাক্ষরিত এই নতুন চুক্তির মাধ্যমে কেনিয়া থেকে গৃহকর্মী ও চালক নিয়োগের খরচ কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া নিয়োগকর্তা ও গৃহকর্মী উভয়ের চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ ফি পর্যালোচনার জন্য উভয় দেশ তিন মাসের একটি পাইলট প্রকল্পে সম্মত হয়েছে।

চুক্তির আওতায় বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা যাচাইয়ের বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে। কর্মীরা যেন কর্মস্থলে যাওয়ার আগেই তাদের দায়িত্ব, চুক্তির শর্ত এবং অধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা পান, সে জন্য দুই দেশ প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করবে।

সংশ্লিষ্ট দুই দেশের কর্মকর্তারা মনে করছেন, এসব উদ্যোগের ফলে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা কমার পাশাপাশি কর্মীদের কর্মপরিবেশ ও চুক্তির স্থিতিশীলতা উন্নত হবে।

বাংলাদেশি কর্মীদের জন্য কী বার্তা?

সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করেন, যাদের একটি অংশ গৃহকর্ম ও সেবামূলক পেশায় নিয়োজিত। সৌদি আরব ও কেনিয়ার নতুন চুক্তিতে কর্মী ও নিয়োগকর্তার অধিকার রক্ষায় চুক্তিভিত্তিক সম্পর্ক স্পষ্ট করার কথা বলা হয়েছে। বাংলাদেশি কর্মীদেরও বিদেশে যাওয়ার আগে ‘মুসানেদ’ (Musaned) বা অনুমোদিত সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন, ছুটি ও কাজের শর্তগুলো ভালোভাবে যাচাই করে নেয়া উচিত।

Logo